রাজধানীর মিরপুর-১০ এলাকার দখলমুক্ত ফুটপাত পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তিনি সাধারণ পথচারীদের সঙ্গে সরাসরি কথা বলে তাঁদের চলাচলের সুবিধা-অসুবিধার কথা শোনেন। পাশাপাশি পথচারীদের নির্বিঘ্ন ও স্বাচ্ছন্দ্যে চলাচল নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
শনিবার (১৭ অক্টোবর) সকালে প্রধানমন্ত্রী মিরপুর-১০ এলাকা সরেজমিনে পরিদর্শন করেন। তাঁর এ পরিদর্শনের তথ্য জানান প্রধানমন্ত্রীর প্রেস সচিব একেএম নাজমুল হক।
পরিদর্শনকালে প্রধানমন্ত্রী পথচারীদের কাছে জানতে চান, আগে হকারদের দখলে থাকা ফুটপাত উচ্ছেদের পর তাঁদের চলাচলে কতটা সুবিধা হয়েছে। বর্তমানে হাঁটাচলার ক্ষেত্রে কোনো ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে কি না, সে বিষয়েও তিনি খোঁজখবর নেন। এ ছাড়া নগরীর ফুটপাত ও সড়ক ব্যবস্থাপনা নিয়ে সাধারণ মানুষের ভোগান্তির কথাও শোনেন।
এ সময় প্রধানমন্ত্রী সাধারণ মানুষের অভিজ্ঞতা ও মতামত গুরুত্বের সঙ্গে শোনেন এবং তাঁদের চলাচলের পথ সুগম রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
প্রধানমন্ত্রী সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়ে বলেন, নগরীর ফুটপাত মূলত পথচারীদের চলাচলের জন্য। তাই ফুটপাত দখলমুক্ত রাখা, সড়ক ও ফুটপাতের শৃঙ্খলা বজায় রাখা এবং জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা দূর করা জরুরি।
তিনি পথচারীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে ফুটপাতগুলো নিয়মিত তদারকি এবং জনসাধারণের ভোগান্তি নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশনা দেন।
প্রধানমন্ত্রীর এ পরিদর্শনকে রাজধানীর ফুটপাত ব্যবস্থাপনা উন্নয়ন, জনদুর্ভোগ কমানো এবং নগরীর শৃঙ্খলা ফিরিয়ে আনার উদ্যোগের অংশ হিসেবে দেখা হচ্ছে।

