চট্টগ্রামের মিরসরাইয়ে কিশোর স্পোর্টিং যুব সংঘের নিবন্ধন অনুমোদন ও নতুন কার্যনির্বাহী পরিষদ ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৩ অক্টোবর) উপজেলার মিঠানালা ইউনিয়নের পশ্চিম রহমতাবাদ এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি মো. জিয়া উদ্দিন রাসেলের সভাপতিত্বে এবং তথ্য ও যোগাযোগবিষয়ক সম্পাদক মো. নাজিম উদ্দিন শুভর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক, মিরসরাই উপজেলা বিএনপির সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী মো. আশরাফ উদ্দিন রাহেল।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা, প্রবাসী ব্যবসায়ী, সমাজসেবক ও শিক্ষানুরাগী মো. শাহাদাত হোসাইন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা ওলামা দলের সিনিয়র সহসাধারণ সম্পাদক মো. আনোয়ার।
এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যবসায়ী মো. শেখ ফরিদ, সমাজসেবক মো. রসুল আহম্মদ মাস্টার, কবি ও ব্যবসায়ী মোহাম্মদ মহিউদ্দিন এবং সমাজসেবক মো. গিয়াস উদ্দিন ও মো. নজরুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় কিশোর স্পোর্টিং যুব সংঘের ২০২৬-২০২৭ মেয়াদের জন্য ২১ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ ও ১০ সদস্যবিশিষ্ট উপদেষ্টা পরিষদ গঠন করা হয়। নতুন কার্যনির্বাহী পরিষদে মো. জিয়া উদ্দিন রাসেলকে সভাপতি এবং মাঈনুদ্দিন জিলানীকে সাধারণ সম্পাদক করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান বক্তা মো. শাহাদাত হোসাইন বলেন, যুবসমাজ একটি দেশের গুরুত্বপূর্ণ শক্তি। তরুণদের মেধা, শ্রম ও সৃজনশীলতাকে কাজে লাগিয়ে সমাজের উন্নয়নে ভূমিকা রাখতে হবে।
কিশোর স্পোর্টিং যুব সংঘের মতো সামাজিক ও ক্রীড়াভিত্তিক সংগঠন তরুণদের ঐক্যবদ্ধ করা, খেলাধুলার প্রতি আগ্রহ সৃষ্টি এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি আরও বলেন, তরুণদের মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলা, শিক্ষা ও মানবিক কার্যক্রমে উৎসাহিত করতে হবে।
এ সময় তিনি নিজের পক্ষ থেকে কিশোর স্পোর্টিং যুব সংঘকে ক্রীড়াসামগ্রী দেওয়ার ঘোষণা দেন। পাশাপাশি সংগঠনের নতুন কার্যনির্বাহী পরিষদের সদস্যদের সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়ে সংগঠনটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।

