ক্রসফায়ার’ নিয়ে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের বক্তব্যের সমালোচনা করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সরকার ক্রসফায়ার চায় না; বরং বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ক্ষেত্রে সরকারের অবস্থান জিরো টলারেন্স। আইজিপি অসতর্কতাবশত এমন বক্তব্য দিয়েছেন উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘এটা ঠিক হয়নি, উচিত হয়নি।’
মঙ্গলবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় গণমাধ্যমকে এসব কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, আইনের কঠোর প্রয়োগের বিষয়ে বলতে গিয়ে আইজিপি অসতর্কতাবশত কথাটি বলেছেন। তিনি সহজ-সরল মানুষ। তবে এ ধরনের বক্তব্য দেওয়া ঠিক হয়নি।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, সরকার বিচারবহির্ভূত হত্যাকাণ্ড হতে দেবে না। এ বিষয়ে সরকার অত্যন্ত কঠোর। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পাশাপাশি পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনাও সরকার সহ্য করবে না।
আইনের শাসন প্রতিষ্ঠা সরকারের প্রধান লক্ষ্য উল্লেখ করে সালাহউদ্দিন আহমদ বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন সরকারের অন্যতম অগ্রাধিকার। এ পর্যন্ত ক্রসফায়ার ও হেফাজতে মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে অপরাধ দমন এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করতে সরকার প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে।
এর আগে সোমবার রাজধানীর পুরান ঢাকার চকবাজারে এক অনুষ্ঠানে আইজিপি মো. আলী হোসেন ফকির বলেছিলেন, সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করা হবে। তিনি বলেন, পুলিশ বলপ্রয়োগ করলে এক পক্ষ পুলিশকে ফ্যাসিস্ট বলে, আবার নিষ্ক্রিয় থাকলে দুর্বল বলে আখ্যা দেয়। আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে দায়িত্ব পালনের উপযুক্ত পরিবেশ দিতে হবে।
আইজিপির ওই বক্তব্য নিয়ে রাজনৈতিক দল ও মানবাধিকার সংগঠনগুলোর মধ্যে সমালোচনা দেখা দেয়। জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ ও এবি পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দল এবং মানবাধিকার সংগঠনগুলো বক্তব্যটির প্রতিবাদ জানায়।
মঙ্গলবার দুপুরে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিনা মূল্যে চিকিৎসাসেবা কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এ বিষয়ে কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। তিনি আইজিপির বক্তব্যকে সরকারের জন্য বিব্রতকর বলে মন্তব্য করেন।
রিজভী বলেন, দীর্ঘদিন ধরে গুম ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরুদ্ধে লড়াই করেছে বিএনপি। সেই দলের সরকার ক্ষমতায় থাকার সময় পুলিশপ্রধানের মুখে ‘ক্রসফায়ার’-এর কথা তাঁদের ভাবিয়ে তুলছে।
এদিকে, আইজিপির বক্তব্য নিয়ে সমালোচনার মধ্যে সোমবার সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে একটি ব্যাখ্যা দেওয়া হয়। এতে বলা হয়, আইজিপি বিচারবহির্ভূত হত্যাকাণ্ড বা বিচারিক প্রক্রিয়ার বাইরে শাস্তি দেওয়ার অর্থে ‘ক্রসফায়ার’ শব্দটি ব্যবহার করেননি। অপরাধীদের বিরুদ্ধে আইন প্রয়োগের কঠোরতা বোঝাতেই তিনি শব্দটি ব্যবহার করেছেন বলে ব্যাখ্যায় উল্লেখ করা হয়।

