শনিবার, ৩১ অক্টোবর ২০২৬

আজ প্রকাশ হচ্ছে এইচএসসি ও সমমানের ফল, জানবেন যেভাবে

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল আজ শনিবার (৩১ অক্টোবর) প্রকাশ করা হবে। বেলা ১১টায় শিক্ষা মন্ত্রণালয়ে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ফল প্রকাশ কার্যক্রমের উদ্বোধন করা হবে।

- Advertisement -

অনুষ্ঠানে উদ্বোধন করবেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামানের গত ২৭ অক্টোবর স্বাক্ষরিত সংশোধিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ফল প্রকাশ অনুষ্ঠান উদ্বোধনের সঙ্গে সঙ্গে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান এবং অনলাইনে একযোগে ফলাফল প্রকাশ করা হবে।

যেভাবে জানা যাবে ফল

অনলাইনে: শিক্ষাপ্রতিষ্ঠানগুলো eduboardresults.gov.bd এবং educationboardresults.gov.bd ওয়েবসাইট থেকে ফলাফল সংগ্রহ করতে পারবে। ওয়েবসাইটের ‘Result’ কর্নারে গিয়ে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড ও প্রতিষ্ঠানের EIIN নম্বর দিয়ে ফলাফল ডাউনলোড করতে হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ শিক্ষাপ্রতিষ্ঠান থেকেও ফল জানতে পারবেন। এ ছাড়া সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের ওয়েবসাইটেও ফল পাওয়া যাবে।

এসএমএসে: মোবাইল ফোন থেকে ১৬১৪০ নম্বরে এসএমএস পাঠিয়ে ফল জানা যাবে। এসএমএসের ফরম্যাট হবে: HSC বোর্ডের নামের প্রথম তিন অক্ষর রোল নম্বর 2026।

উদাহরণ: ঢাকা বোর্ডের পরীক্ষার্থীকে HSC Dha 123456 2026 লিখে ১৬১৪০ নম্বরে পাঠাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় কিংবা পত্রিকা অফিসে ফলাফল পাওয়া যাবে না।

এদিকে, উত্তরপত্র পুনর্নিরীক্ষণের জন্য আগামী ১ নভেম্বর থেকে ৭ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া ও এ-সংক্রান্ত নির্দেশনা শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও