নগরীর সড়ক সংস্কার, অবকাঠামোগত উন্নয়ন, অবৈধ দখল উচ্ছেদ, পরিচ্ছন্নতা ও সবুজায়ন কার্যক্রম আরও গতিশীল করতে রোড সুপারভাইজারদের কাজের পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রশাসক ডা. শাহাদাত হোসেন।
সড়কের ক্ষয়ক্ষতি চিহ্নিত করার পাশাপাশি সড়ক বিভাজকের গাছপালা ও নিরাপত্তাবেষ্টনীর রক্ষণাবেক্ষণ, অবৈধ ব্যানার-পোস্টার অপসারণ এবং যত্রতত্র ময়লা ফেলা প্রতিরোধে মাঠপর্যায়ে নজরদারি জোরদারের নির্দেশনা দেন তিনি।
আজ বৃহস্পতিবার (১২ নভেম্বর) টাইগারপাসে চসিকের প্রধান নগর ভবনে রোড সুপারভাইজারদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব নির্দেশনা দেন।
প্রশাসক বলেন, নগরীর যোগাযোগব্যবস্থার উন্নয়ন শুধু নতুন সড়ক নির্মাণ কিংবা পুরোনো সড়ক সংস্কারের মধ্যে সীমাবদ্ধ নয়। সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখা, নিরাপত্তাবেষ্টনী সচল রাখা, বিভাজকের গাছপালার পরিচর্যা এবং পরিচ্ছন্নতা নিশ্চিত করাও গুরুত্বপূর্ণ। রোড সুপারভাইজাররা প্রতিদিন মাঠপর্যায়ে দায়িত্ব পালন করেন। তাই কোথায় সড়ক ক্ষতিগ্রস্ত হচ্ছে, কোথায় অবৈধ দখল হচ্ছে বা চলাচলে প্রতিবন্ধকতা তৈরি হচ্ছে, তা দ্রুত চিহ্নিত করে কর্তৃপক্ষকে জানাতে হবে।
প্রশাসক জানান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা নগরজুড়ে নিয়মিত উচ্ছেদ অভিযান চালাচ্ছেন। পাশাপাশি অননুমোদিত ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপনসামগ্রী অপসারণ করা হচ্ছে।
বিশেষ করে কোচিং সেন্টার ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের প্রচারণামূলক ব্যানার-পোস্টার যত্রতত্র লাগানোয় নগরীর সৌন্দর্য নষ্ট হচ্ছে এবং পথচারীদের চলাচল ও সড়কের দৃশ্যমানতায় বাধা সৃষ্টি হচ্ছে।
তিনি বলেন, নিজের ব্যানার-পোস্টারও অপসারণ করে নষ্ট করার নির্দেশ দিয়েছেন। সৌন্দর্য ও শৃঙ্খলা রক্ষায় কাউকে ছাড় দেওয়ার সুযোগ নেই। ব্যক্তিগত বা প্রাতিষ্ঠানিক প্রচারণার নামে যেখানে-সেখানে ব্যানার-পোস্টার লাগানো যাবে না।
এ ধরনের কর্মকাণ্ড নজরে এলে রোড সুপারভাইজারদের দ্রুত কর্তৃপক্ষকে জানাতে হবে। ফুটপাত দখল করে ব্যবসা, সড়কের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ কিংবা চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির বিষয়গুলোও চিহ্নিত করতে হবে।
মাঠপর্যায়ের বাধা ও প্রশাসকের নির্দেশনা
সভায় রোড সুপারভাইজাররা জানান, মাঠপর্যায়ে দায়িত্ব পালনে তাঁরা নানা প্রতিবন্ধকতার মুখে পড়েন। বিশেষ করে অবৈধ দখলদারদের সতর্ক করতে গেলে স্থানীয় পর্যায়ে বাধা ও অসহযোগিতার সম্মুখীন হতে হয়, ফলে তাৎক্ষণিক কার্যকর ব্যবস্থা নেওয়া কঠিন হয়ে পড়ে।
জবাবে প্রশাসক বলেন, অবৈধ দখল বা অনিয়ম দেখলে নিজেরা ঝুঁকি নিয়ে পরিস্থিতি মোকাবিলা করতে যাবেন না। বাধার মুখে পড়লে সরাসরি প্রধান প্রকৌশলীসহ ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাতে হবে। প্রয়োজনে নির্বাহী ম্যাজিস্ট্রেট পাঠিয়ে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। সুপারভাইজারদের দায়িত্ব সঠিক তথ্য দ্রুত কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া, পরবর্তী ব্যবস্থা নেওয়া প্রশাসনের দায়িত্ব। নগরীর স্বার্থে কাজ করতে গিয়ে কেউ যাতে অযথা হয়রানি বা বাধার মুখে না পড়েন, সে বিষয়ে প্রয়োজনীয় সমন্বয় করা হবে।
সবুজায়ন
প্রশাসক জানান, চট্টগ্রামকে সবুজ নগর হিসেবে গড়ে তুলতে ইতিমধ্যে প্রায় দুই লাখ গাছ লাগানো হয়েছে। লক্ষ্য পর্যায়ক্রমে এ সংখ্যা ১০ লাখে উন্নীত করা। এ জন্য আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়েছে। রোড সুপারভাইজারদের তাঁদের সঙ্গে সমন্বয় করে বৃক্ষরোপণের উপযুক্ত স্থান চিহ্নিত করা এবং রোপিত গাছের পরিচর্যা ও সুরক্ষায় সক্রিয় ভূমিকা রাখতে হবে।
তিনি বলেন, শুধু গাছ লাগালেই দায়িত্ব শেষ হয় না; গাছ বাঁচিয়ে রাখা ও নিয়মিত পরিচর্যা সমান গুরুত্বপূর্ণ। বিশেষ করে সড়ক বিভাজকের গাছের অবস্থা নিয়মিত পর্যবেক্ষণ করতে হবে। গাছ নষ্ট হলে, নিরাপত্তাবেষ্টনী ক্ষতিগ্রস্ত হলে কিংবা পরিচর্যার অভাবে গাছ শুকিয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট আঞ্চলিক কর্মকর্তা ও বিভাগকে জানাতে হবে।
পরিচ্ছন্নতা, সড়ক সংস্কার ও জলাবদ্ধতা
সড়কের পরিচ্ছন্নতা প্রসঙ্গে প্রশাসক বলেন, অনেক স্থানে সড়কের মাঝখানে, বিভাজকের পাশে কিংবা ফুটপাতে যত্রতত্র ময়লা ফেলা হচ্ছে। এতে সৌন্দর্য নষ্ট হচ্ছে, পরিবেশদূষণ ও নাগরিক দুর্ভোগও বাড়ছে। এসব স্থান চিহ্নিত করে পরিচ্ছন্নতা বিভাগের সঙ্গে যোগাযোগ করতে হবে। কোথাও নিয়মিত ময়লা ফেলা হলে সংশ্লিষ্টদের সতর্ক করার পাশাপাশি প্রয়োজনে আইনানুগ ব্যবস্থার জন্য কর্তৃপক্ষকে জানাতে হবে।
সড়ক সংস্কার সম্পর্কে তিনি জানান, নগরীর অধিকাংশ ক্ষতিগ্রস্ত সড়ক আগামী ছয় মাসের মধ্যে সংস্কারের লক্ষ্যে প্রকৌশল বিভাগ কাজ করছে। শুষ্ক মৌসুমের সুযোগ কাজে লাগিয়ে সংস্কার দ্রুত এগিয়ে নিতে হবে। কোন সড়কে বড় খানাখন্দ হয়েছে, কোথায় জরুরি মেরামত দরকার এবং কোন সড়কের ক্ষয়ক্ষতিতে চলাচল ব্যাহত হচ্ছে, সে বিষয়ে সুপারভাইজারদের নিয়মিত তথ্য সংগ্রহ করে প্রধান প্রকৌশলীকে জানাতে হবে। চলমান সংস্কারকাজের অগ্রগতি ও গুণগত মানও তদারক করতে হবে।
জলাবদ্ধতা নিরসনে নজরদারি বাড়ানোর নির্দেশ দিয়ে প্রশাসক বলেন, সড়ক ও পানি নিষ্কাশনব্যবস্থা একে অপরের সঙ্গে সম্পর্কিত। ড্রেনে ময়লা জমে পানি চলাচল বন্ধ হলে বা নালা ক্ষতিগ্রস্ত হলে তার প্রভাব সড়কেও পড়ে। তাই সড়কের পাশাপাশি সংলগ্ন নালা-নর্দমার অবস্থাও পর্যবেক্ষণ করতে হবে। পানি নিষ্কাশনে বাধা দেখা দিলে দ্রুত সংশ্লিষ্ট প্রকৌশলী ও পরিচ্ছন্নতা বিভাগকে জানাতে হবে। এতে বর্ষায় জলাবদ্ধতার দুর্ভোগ কমবে এবং সড়কের স্থায়িত্বও বাড়বে।
প্রশাসক আরও বলেন, নগরীর ৪১টি ওয়ার্ডে নাগরিক সেবার মান উন্নত করতে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের আরও দায়িত্বশীল হতে হবে। শুধু দাপ্তরিক প্রতিবেদনের ওপর নির্ভর করলে চলবে না; নিয়মিত মাঠপরিদর্শন, সমস্যা চিহ্নিতকরণ ও দ্রুত সমাধানে বিভাগগুলোর মধ্যে সমন্বয় নিশ্চিত করতে হবে। প্রত্যেক রোড সুপারভাইজারকে নিজ এলাকার সড়ক, ফুটপাত, নিরাপত্তাবেষ্টনী, পরিচ্ছন্নতা ও সবুজায়নের সার্বিক পরিস্থিতি সম্পর্কে হালনাগাদ তথ্য রাখতে হবে।
সভায় চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা ক্যাপ্টেন শামীম মোহাম্মদ খান, প্রধান প্রকৌশলী আনিসুর রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

