নগরীর খুলশী থানাধীন আমবাগান এলাকায় ফুটপাত দখল করে বসানো প্রায় ৫০টি অবৈধ দোকান ও স্থাপনা উচ্ছেদ করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। একই সঙ্গে ফুটপাতে মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সাতজনকে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
আজ বুধবার (১১ নভেম্বর) চসিকের ভ্রাম্যমাণ আদালতের এ অভিযানে নেতৃত্ব দেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট চৈতী সর্ববিদ্যা।
অভিযানে ফুটপাত অবৈধভাবে দখল করে দোকান বসানো ও নির্মাণসামগ্রী রেখে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির অপরাধে প্রায় ৫০টি অবৈধ দোকান, স্থাপনা ও নির্মাণসামগ্রী উচ্ছেদ করা হয়। এতে ফুটপাত দখলমুক্ত হয়।
এ ছাড়া ফুটপাতের ওপর ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল রেখে জনদুর্ভোগ সৃষ্টির অপরাধে সাতজনের বিরুদ্ধে মামলা করে মোট ২২ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়।
অভিযানে চসিকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও খুলশী থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।

