হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রামসহ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করেন।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
তিনি জানান, শনিবার সকালে হঠাৎ হৃদ্যন্ত্রের সমস্যা অনুভব করলে স্বাস্থ্যমন্ত্রীকে কন্টিনেন্টাল হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসকেরা তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন।
হাসপাতালের চিকিৎসক ডা. ফজলে রাব্বি জানান, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা জানান, সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে স্বাস্থ্যমন্ত্রী দাপ্তরিক দায়িত্ব পালন শুরু করবেন।

