চট্টগ্রামের ভূজপুরে পঞ্চবটি চা বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনতাইয়ের ঘটনায় সাতজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার ব্যক্তিদের দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে ছিনতাই হওয়া অর্থের মধ্যে ৫ লাখ ৩৩ হাজার টাকা উদ্ধার করা হয়েছে। বাকি ২ লাখ টাকা উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
রোববার (২২ নভেম্বর) ভূজপুর থানা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ১৫ অক্টোবর দুপুর সাড়ে ১২টার দিকে পঞ্চবটি চা বাগানের ভেতরে মসজিদসংলগ্ন কাঁচা রাস্তায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে। এ সময় দুর্বৃত্তরা চা বাগানের সহকারী ব্যবস্থাপক নেপাল দাশ (৬০) ও পল্লী চিকিৎসক বাবুল দাশকে (৫৩) ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে আহত করে। পরে তাঁদের কাছে থাকা শ্রমিকদের বেতন ও পূজার বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পরপরই অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মোহাম্মদ আবু ও জিহান উদ্দীনকে গ্রেপ্তার করে ভূজপুর থানা পুলিশ। তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত ২টার দিকে পঞ্চবটি চা বাগানসংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে মো. সম্রাট ও মো. রাশেদকে গ্রেপ্তার করা হয়।
পরদিন ১৬ অক্টোবর বিকেল ৪টার দিকে চট্টগ্রাম কোতোয়ালি থানা এলাকা থেকে মামলার প্রধান আসামি মো. জাবেদকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর কাছ থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
মামলার তদন্তের ধারাবাহিকতায় গত ১৯ নভেম্বর ভূজপুর বাজারে ইউনিয়ন পরিষদের সামনে থেকে মো. সুমন ওরফে সিসিলেনকে গ্রেপ্তার করা হয়। তাঁর দেওয়া তথ্য এবং আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দির সূত্র ধরে গত ২১ নভেম্বর রাত পৌনে ১০টার দিকে জাবেদের বসতবাড়িতে অভিযান চালায় পুলিশ।
এ সময় জাবেদের স্ত্রী লিলু আক্তারের দেখানো মতে বসতঘরের বাঁশের চাটাইয়ের সিলিংয়ের ওপর লুকিয়ে রাখা একটি কালো ব্যাগ থেকে আরও ৫ লাখ ৩০ হাজার টাকা উদ্ধার করা হয়। এর আগে জাবেদের কাছ থেকে উদ্ধার করা হয়েছিল ৩ হাজার টাকা। সব মিলিয়ে উদ্ধার হওয়া অর্থের পরিমাণ দাঁড়িয়েছে ৫ লাখ ৩৩ হাজার টাকা।
গ্রেপ্তার সাতজন হলেন—মো. সম্রাট (২৪), মো. রাশেদ (২৪), মোহাম্মদ আবু (২১), জিহান উদ্দীন (২৪), মো. জাবেদ (৩৩), মো. সুমন ওরফে সিসিলেন (২২) এবং লিলু আক্তার (২৭)। তাঁদের মধ্যে মোহাম্মদ আবু ও মো. সুমন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।
চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মো. মাসুদ আলমের সার্বিক তত্ত্বাবধানে এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম ও অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজের দিকনির্দেশনায় ভূজপুর থানা পুলিশের একটি বিশেষ দল ধারাবাহিক অভিযান পরিচালনা করে এ সাফল্য অর্জন করে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

