রবিবার, ২২ নভেম্বর ২০২৬

টেরিবাজারে জাল ভিসা তৈরির কারখানার সন্ধান, ১৭ পাসপোর্টসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরের টেরিবাজারে অভিযান চালিয়ে জাল ভিসা ও ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জামসহ ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

- Advertisement -

এ ঘটনায় জাল ভিসা তৈরির সঙ্গে জড়িত থাকার অভিযোগে আব্দুল মাবুদ (৫৩) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায়ও আগের একটি মামলা রয়েছে।

রোববার (২২ নভেম্বর) কোতোয়ালী থানাধীন টেরিবাজার বাই লেনের কাটাপাহাড় এলাকার বদরউদ্দিন মার্কেটের পঞ্চম তলার একটি কক্ষ থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) দক্ষিণ বিভাগের উপ-পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার ও সহকারী পুলিশ কমিশনারের তত্ত্বাবধানে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহেদুল কবিরের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে বক্সিরহাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. সোহেল রানা সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।

অভিযানে আব্দুল মাবুদের হেফাজত থেকে জাল ভিসা, ভিসা তৈরির বিভিন্ন সরঞ্জাম এবং ১৭টি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়।

পুলিশের রেকর্ডপত্র পর্যালোচনায় দেখা যায়, গ্রেপ্তার আব্দুল মাবুদের বিরুদ্ধে ঢাকার বিমানবন্দর থানায় ২০২৬ সালের ৫ ফেব্রুয়ারি একটি মামলা রয়েছে। ওই মামলায় প্রতারণা, বিশ্বাসভঙ্গ, জালিয়াতি, জাল দলিল ব্যবহারসহ বিভিন্ন অভিযোগ আনা হয়েছিল। মামলায় সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ধারাও যুক্ত রয়েছে।

এ ঘটনায় কোতোয়ালী থানায় মামলা নম্বর ৪১, তারিখ ২২ নভেম্বর ২০২৬। মামলায় দণ্ডবিধির ৪২০, ৪৬৫ ও ৪৬৮ ধারা এবং বাংলাদেশ পাসপোর্ট আদেশ, ১৯৭৩-এর ১১(১), ১১(২) ও ১১(৩) ধারা যুক্ত করা হয়েছে।

গ্রেপ্তার আব্দুল মাবুদকে আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

সর্বশেষ

Your Questions About Seasonal Allergies Answered Clearly

HIV Testing Basics: Preparation and Interpretation

এই বিভাগের আরও