সোমবার, ২৩ নভেম্বর ২০২৬

প্রত্যর্পণ চুক্তি মেনে শেখ হাসিনাকে হস্তান্তর করুক ভারত: শামা ওবায়েদ

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

ভারত থেকে বাংলাদেশে ফিরলেই ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ। দেশে প্রবেশের চেষ্টা করামাত্রই তাকে আইনের আওতায় আনা হবে বলেও স্পষ্ট করেছেন তিনি।

- Advertisement -

সোমবার (২৩ নভেম্বর) বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব কথা বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

সাক্ষাৎকারে শামা ওবায়েদ বলেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরলে তাকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হবে। এরপর দেশের প্রচলিত আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে। আইন তার নিজস্ব গতিতে চলবে।

শেখ হাসিনাকে বাংলাদেশের কাছে হস্তান্তরের জন্য ভারতের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির প্রতি সম্মান দেখিয়ে ভারত যেন তাকে বাংলাদেশের কাছে হস্তান্তর করে। তাকে তার কর্মকাণ্ডের পরিণতি ভোগ করতে হবে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা আগামী ডিসেম্বর মাসে বাংলাদেশে ফেরার পরিকল্পনা করছেন। এ লক্ষ্যে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) জন্য আবেদন করেছিলেন তিনি। তবে বাংলাদেশ সরকার তার আবেদনগুলো নাকচ করে দিয়েছে।

এদিকে শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ জানিয়েছে ঢাকা। গত এপ্রিল মাসে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছিল, বাংলাদেশের অনুরোধটি পর্যালোচনা করা হচ্ছে। তবে এ বিষয়ে এখনো ভারতের পক্ষ থেকে নতুন কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনাকে কেন্দ্র করে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি প্রসঙ্গেও কথা বলেন শামা ওবায়েদ। তিনি বলেন, চলমান সহিংসতা শেখ হাসিনার রাজনৈতিকভাবে দেউলিয়া দলের টিকে থাকার কৌশল। হাসিনাকে ফিরিয়ে আনতে বিমান পাঠানোর বিষয়ে ভারতের সঙ্গে কোনো আনুষ্ঠানিক আলোচনা হয়নি বলেও জানান তিনি।

রয়টার্সের প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ১০ দিনে দেশের অন্তত ২৮টি জেলায় ককটেল বিস্ফোরণ ও যানবাহনে অগ্নিসংযোগের কয়েক ডজন ঘটনা ঘটেছে। এসব ঘটনায় কয়েকজন পুলিশ সদস্য ও বেসামরিক নাগরিক আহত হয়েছেন।

ভারতের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ এমন ভারসাম্যপূর্ণ সম্পর্ক চায়, যেখানে দেশের মর্যাদা, আত্মসম্মান ও জাতীয় স্বার্থ অক্ষুণ্ণ থাকবে। বাংলাদেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে ভারত কী ধরনের পররাষ্ট্রনীতি অনুসরণ করবে, সেই সিদ্ধান্ত দেশটির নিজেদেরই নিতে হবে।

সাক্ষাৎকারে রোহিঙ্গা সংকট নিয়েও কথা বলেন শামা ওবায়েদ। তিনি জানান, রোহিঙ্গা শরণার্থীদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমারের ওপর কূটনৈতিক চাপ বাড়াচ্ছে বাংলাদেশ।

তিনি বলেন, রোহিঙ্গা জনগোষ্ঠীর অধিকার আদায়ের লড়াইয়ে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় নতুন শক্তি জোগাবে। তাদের অবশ্যই নিরাপত্তা ও মর্যাদার সঙ্গে নিজ দেশে ফিরে যাওয়ার সুযোগ দিতে হবে।

শামা ওবায়েদ আরও বলেন, রোহিঙ্গা সংকট বাংলাদেশ সৃষ্টি করেনি, এটি মিয়ানমারের তৈরি করা সংকট। তাই এর সমাধানের দায়িত্বও মিয়ানমারকেই নিতে হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও