বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর যৌথ সামরিক মহড়া প্রত্যক্ষ করতে আজ মঙ্গলবার (২৪ নভেম্বর) নোয়াখালীর স্বর্ণদ্বীপে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রী হিসেবে এটি তাঁর স্বর্ণদ্বীপে প্রথম সফর।
প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি জানান, আজ সকালে হেলিকপ্টারে করে স্বর্ণদ্বীপে পৌঁছাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিন বাহিনীর যৌথ প্রশিক্ষণ মহড়া সরাসরি প্রত্যক্ষ করবেন তিনি।
সফরকালে দেশীয় প্রযুক্তিতে তৈরি বিভিন্ন সামরিক সরঞ্জামের প্রদর্শনী ও অনুশীলনস্থল ঘুরে দেখার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। পাশাপাশি সেনা, নৌ ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের বিভিন্ন কার্যক্রমও পরিদর্শন করবেন তিনি।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বাংলাদেশ সশস্ত্র বাহিনীর স্পেশাল ফোর্সগুলোর সমন্বয়ে প্রথমবারের মতো ‘জয়েন্ট স্পেশাল ফোর্সেস এক্সারসাইজ-১-২০২৬’-এর চূড়ান্ত অনুশীলন আজ স্বর্ণদ্বীপে অনুষ্ঠিত হচ্ছে। এতে অংশ নিচ্ছে সেনাবাহিনীর প্যারা কমান্ডো ব্রিগেড, নৌবাহিনীর সোয়াডস এবং বিমানবাহিনীর ৫০১ এয়ার রেজিমেন্ট।
মহড়া পরিদর্শন ও নির্ধারিত কর্মসূচি শেষে আজ বিকেলেই হেলিকপ্টারে করে প্রধানমন্ত্রীর ঢাকায় ফেরার কথা রয়েছে বলে জানান উপ-প্রেস সচিব।

