পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা নির্ধারণের সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনে নেমেছেন সাভারের হেমায়েতপুর এলাকার শ্রমিকরা।
এ নিয়ে বুধবার (২৫ নভেম্বর) সকালে পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়েছেন।
সকালে শ্রমিকরা বিভিন্ন কারখানায় গিয়ে কাজে যোগ না দিয়ে কর্মবিরতি শুরু করেন। শ্রমিকদের আন্দোলনের মুখে ওই এলাকার অধিকাংশ পোশাক কারখানা ছুটি ঘোষণা করে। পরে সকাল সাড়ে ৮টার দিকে পদ্মার মোড়সহ বিভিন্ন স্থানে জড়ো হতে থাকেন শ্রমিকরা।
এ সময় পুলিশ শ্রমিকদের সড়ক থেকে সরে যাওয়ার আহ্বান জানায়। তবে শ্রমিকরা সড়ক অবরোধের চেষ্টা করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সকাল সোয়া ৯টার দিকে ট্যানারি রোড এলাকায় অবস্থান নেওয়া শ্রমিকদের ধাওয়া দেয় পুলিশ। একপর্যায়ে তাদের ছত্রভঙ্গ করতে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়।
জবাবে শ্রমিকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। পরে পুলিশের ধাওয়া ও টিয়ারশেল নিক্ষেপের মুখে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। এ ঘটনায় শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে এক পুলিশ সদস্য আহত হন।
শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, বর্তমানে হেমায়েতপুর এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। কয়েকটি পোশাক কারখানা ছুটি ঘোষণা করা হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কয়েক রাউন্ড টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে।

