শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

চাঁদাবাজির দায় দলের আদর্শের ওপর চাপানো যাবে না: আইনমন্ত্রী

চট্টগ্রাম জার্নাল ডেস্ক:

দলের নাম ও পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি কিংবা অনৈতিক কর্মকাণ্ডে জড়িত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।

- Advertisement -

তিনি বলেছেন, দলের দু-একজন চাঁদাবাজের কারণে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও দলের সুনাম ক্ষুণ্ন হতে দেওয়া হবে না।

শুক্রবার (২৭ নভেম্বর) সকালে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা পরিষদের উদ্যোগে বিভিন্ন শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, কোনো ব্যক্তি বা গোষ্ঠীর অপকর্মের দায় দলের আদর্শের ওপর চাপানো যাবে না। ব্যক্তিস্বার্থে দলের নাম ব্যবহার করে কেউ অপরাধে জড়ালে তার বিরুদ্ধে কঠোর অবস্থান নেওয়া হবে।

মাদক ও চাঁদাবাজিমুক্ত সমাজ গঠনে সবার দায়িত্বশীল ভূমিকার ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, এসব অপরাধ দমনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হতে হবে। সমাজে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা নিশ্চিত করতে অপরাধীদের কোনো ছাড় দেওয়া যাবে না।

তিনি আরও বলেন, সুন্দর ও সুশৃঙ্খল সমাজ গঠনে রাজনৈতিক নেতাকর্মীসহ সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রয়োজন। দলের আদর্শ ও ভাবমূর্তি রক্ষায় প্রত্যেক নেতাকর্মীকে দায়িত্বশীল আচরণ করতে হবে।

অনুষ্ঠানে শৈলকুপা উপজেলার ১১৯টি শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের মধ্যে মোট ৯৫ লাখ ৬০ হাজার টাকার অনুদানের চেক বিতরণ করা হয়। এসব প্রতিষ্ঠানের শিক্ষা, ধর্মীয় ও প্রাতিষ্ঠানিক কার্যক্রমে সহায়তার লক্ষ্যে এ অনুদান দেওয়া হয়েছে।

চেক বিতরণ অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হাসান, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিস বিন হাছান এবং জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজাসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতাকর্মী ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে এ ধরনের অনুদানকে ইতিবাচক উদ্যোগ হিসেবে উল্লেখ করেন।

সর্বশেষ

Kumar salonlarında Rastlantı ve Yaklaşım

এই বিভাগের আরও