দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি, সহিংসতা ও নাশকতার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেছেন, সীমান্তের ওপার থেকে জ্বালাও-পোড়াওয়ের ঘোষণা এবং শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা চলছে। তবে দেশের অভ্যন্তরে কোনো অপতৎপরতা চালানোর সুযোগ দেওয়া হবে না।
শনিবার (২৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে রাজধানীর রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত পুলিশ সদস্যদের দেখতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে যেকোনো ধরনের অস্থিরতা সৃষ্টির পাঁয়তারা নস্যাৎ করতে সরকার বদ্ধপরিকর। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সব সময় প্রস্তুত রয়েছে। সম্ভাব্য অস্থিরতা মোকাবিলায় পুলিশ, অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্বরাষ্ট্র মন্ত্রণালয় কাজ করছে।
শ্রমিক অসন্তোষের বিষয়ে তিনি বলেন, মজুরি বোর্ডের ঘোষিত ন্যূনতম মজুরিকে শ্রমিকরা স্বাগত জানিয়েছেন এবং শৃঙ্খলা বজায় রেখেছেন। তবে শ্রমিক পরিচয় ব্যবহার করে কিছু ব্যক্তি তাদের মধ্যে অসন্তোষ তৈরির চেষ্টা করতে পারে। এমন অপচেষ্টা সফল হবে না বলে মনে করেন তিনি।
সীমান্ত পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, সীমান্তের ওপারে কী হচ্ছে, তা তাঁর জানা নেই। তবে দেশের ভেতরে কেউ কোনো ধরনের অপতৎপরতা চালাতে পারবে না। ভারতের এক মন্ত্রীর বাংলাদেশ দখলের হুমকির বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় দেখবে।
এদিকে আহত পুলিশ সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, হামলায় অনেক পুলিশ সদস্য আহত হয়েছেন। কারও মাথায় আঘাত লেগেছে, কারও হাড় ভেঙেছে। কয়েকজনের দীর্ঘমেয়াদি ও বিশেষায়িত চিকিৎসার প্রয়োজন হবে। আহত সদস্যদের সাহস ও দায়িত্ব পালনের প্রশংসা করে তিনি বলেন, তাদের পুলিশ পদকসহ বিভিন্নভাবে পুরস্কৃত করা হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে শৃঙ্খলা ফিরে এসেছে এবং তারা জনআস্থা অর্জন করেছে। শ্রমিক আন্দোলনের সময় বাহিনীর সদস্যরা আহত হলেও শ্রমিকদের ওপর আঘাত করেননি। তাঁর ভাষ্য, ওই সময়ে কোনো শ্রমিক আহত হননি কিংবা প্রাণহানির ঘটনাও ঘটেনি।
রাজারবাগ পুলিশ হাসপাতাল পরিদর্শন শেষে স্বরাষ্ট্রমন্ত্রী পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ জাকির হোসেন বিজিবি হাসপাতালে যান। সেখানে গোপালগঞ্জ ও গাজীপুরে দায়িত্ব পালনকালে আহত বিজিবি সদস্যদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।
এ সময় বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী ও পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৭ নভেম্বর গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালনকালে হামলায় বিজিবির নায়েক মো. মনির হোসেন মাথায় আঘাত পান। উন্নত চিকিৎসার জন্য ২১ নভেম্বর তাঁকে পিলখানের বিজিবি হাসপাতালে স্থানান্তর করা হয়।
অন্যদিকে, গত ১৬ নভেম্বর গাজীপুর শিল্পাঞ্চলে দায়িত্ব পালনের সময় আন্দোলনকারী শ্রমিকদের ছোড়া ইটের আঘাতে বিজিবির গাজীপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. খালেকুজ্জামান ও সিপাহী (সিগন্যাল) রঞ্জু মিয়া আহত হন।
খালেকুজ্জামানের ডান হাতের তিনটি আঙুলের হাড় ভেঙেছে। রঞ্জু মিয়ারও ডান হাতের হাড় ভেঙে যায়।

