চট্টগ্রামের বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে। সে কক্সবাজারগামী সৈকত এক্সপ্রেসের ছাদে চড়েছিলো।
বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকাল সোয়া ৭টার দিকে পৌর সদরের গোমদণ্ডী বুড়ি পুকুর পাড় এলাকায় এ ঘটনা ঘটেছে।
গুরুতর আহত যুবকটির নাম মো.হৃদয় (২৫) বলে জানা গেছে। তার পিতার নাম মো.ইলিয়াছ এবং বাড়ি কক্সবাজার জেলায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে চট্টগ্রাম থেকে কক্সবাজারের উদ্দেশ্যে ছেড়ে আসা সৈকত এক্সপ্রেস গোমদণ্ডী স্টেশন পার হয়ে যাচ্ছিল।
এসময় বুড়ি পুকুর পাড় এলাকায় পৌঁছলে এক যুবক ট্রেনের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। ছাদে আরও কয়েকজন যুবক ছিলো।
বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত উপ-সহকারী কমিউনিটি মেডিক্যাল অফিসার সঞ্জয় সেন জানান, গুরুতর আহত যুবকের বাম পায়ের পাতা আঙুলসহ বিচ্ছিন্ন হয়ে গেছে এবং ডান পা ও মাথায়ও আঘাত পেয়েছেন। তার অবস্থা আশংকাজনক হওয়ায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে স্থানান্তর করা হয়।
চমেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক মো. আলাউদ্দিন বলেন, বোয়ালখালীতে ট্রেনের ছাদ থেকে পড়ে আহত যুবকটিকে সকাল ৯টার দিকে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেছেন। নিহতের লাশ জরুরি বিভাগের লাশ ঘরে রাখা হয়েছে।

