চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলধায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ ও মশাল মিছিলের ঘটনায় জসিম নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত ১০টার দিকে জুলধা ইউনিয়ন ভূমি অফিস সংলগ্ন এলাকায় ১০ থেকে ১৫ জনের একটি দল মশাল মিছিল বের করে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাত ১০টার দিকে মশাল হাতে নেতাকর্মীরা জুলধা ভূমি অফিসের পেছনে জড়ো হন। পরে সেখান থেকে মিছিল বের করেন তারা। খবর পেয়ে কর্ণফুলী থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান চালায়। এ সময় মিছিলে অংশ নেওয়া জসিমকে আটক করা হয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূর আহমেদ জানান, মিছিলের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। মিছিলে অংশ নেওয়া অন্যদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
তিনি আরও জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

