জমজমাট ফাইনাল, টানটান উত্তেজনা আর হাজারো দর্শকের উল্লাসের মধ্য দিয়ে শেষ হয়েছে আরাফাত রহমান কোকো স্মৃতি গোল্ডকাপ টি-টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট। টুর্নামেন্টের শিরোপা জিতেছে ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ।
শনিবার (২৮ নভেম্বর) শহীদ শাহজাহান মাঠে অনুষ্ঠিত মেগা ফাইনালে সন্দ্বীপ ক্রিকেট একাডেমিকে ৪ উইকেটে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে দলটি।
ফাইনাল ম্যাচ শুরুর আগে দুই দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হন চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আবু সুফিয়ান। পরে তিনি ম্যাচের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এ সময় টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক মোশাররফ হোসেন দিপ্তী উপস্থিত ছিলেন।
টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে সন্দ্বীপ ক্রিকেট একাডেমি ১৮ দশমিক ৩ ওভারে সব উইকেট হারিয়ে ১৩৯ রান সংগ্রহ করে। দলের হয়ে তারিক রহমান ৩৫, মাসুম উদ্দিন ২৫ এবং এ কে রানা ২২ রান করেন। ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশের হয়ে সামশুদ্দীন বাপ্পা ২৪ রানে ৩টি এবং ইফরান হোসাইন ও সাজ্জাদ হোসাইন ২টি করে উইকেট নেন।
জয়ের লক্ষ্যে খেলতে নেমে ১৬ দশমিক ৪ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৪০ রান তুলে নেয় ইসহাক কাদের চৌধুরী স্মৃতি একাদশ। দলের পক্ষে আবদুল্লাহ জিসান ৪১ বলে ৪৪, তুহিন ২৬ বলে ৪৩ এবং সাজ্জাদ হোসাইন মাত্র ১০ বলে অপরাজিত ৩০ রান করেন। সন্দ্বীপ ক্রিকেট একাডেমির হয়ে রানা ও রাতুল ইরফান ২টি করে উইকেট শিকার করেন।
খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক, দেশ রক্ষা তারেক মঞ্চের প্রতিষ্ঠাতা ও মহানগর যুবদলের সভাপতি মোশাররফ হোসেন দিপ্তী।
প্রধান অতিথির বক্তব্যে ডা. শাহাদাত হোসেন বিজয়ী ও রানার্সআপ দলকে অভিনন্দন জানিয়ে বলেন, খেলায় হার-জিত থাকবেই, তবে সবাইকে এগিয়ে যেতে হবে। ফুটবলের পর ক্রিকেটের এমন আয়োজন করায় দেশ রক্ষা তারেক মঞ্চকে ধন্যবাদ জানিয়ে তিনি বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ প্রজন্মকে ইতিবাচক কর্মকাণ্ডে উৎসাহিত করবে। খেলাধুলার প্রসারের মাধ্যমে সন্ত্রাস, চাঁদাবাজি ও মাদকের বিরুদ্ধে সমাজকে নিরাপদ করা সম্ভব।
অনুষ্ঠানে চট্টগ্রাম মহানগর যুবদলের সহসভাপতি আজমল হুদা রিংকু, নুর আহমেদ গুড্ডু, শহীদুল্লাহ বাহার ও নাসির উদ্দিন চৌধুরী নাসিমসহ যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে ব্যক্তিগত নৈপুণ্যের স্বীকৃতিও দেওয়া হয়। সর্বোচ্চ ২৩৯ রান করে সেরা ব্যাটসম্যান নির্বাচিত হন ইসহাক কাদের চৌধুরী একাদশের জিসান। ১২ উইকেট নিয়ে সেরা বোলারের পুরস্কার পান একই দলের সাজ্জাদ হোসাইন। ফাইনালের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হন তিনি।
প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দলকে ট্রফির পাশাপাশি ২ লাখ টাকা এবং রানার্সআপ দলকে ট্রফিসহ ১ লাখ টাকা পুরস্কার দেওয়া হয়। এ ছাড়া সেরা খেলোয়াড়, সর্বোচ্চ রান সংগ্রাহক ও সর্বোচ্চ উইকেট শিকারির জন্য ছিল ক্রেস্ট ও প্রাইজমানি।
ক্রিকেটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে সন্ধ্যায় সংগীতের আয়োজনে মুখর হয়ে ওঠে শহীদ শাহজাহান মাঠ। হাজারো সংগীতপ্রেমীর উপস্থিতিতে জয়শ্রী, সিটি অব নাইট, ওয়ারিয়র্স এবং জনপ্রিয় ব্যান্ড অ্যাশেজের পরিবেশনায় অনুষ্ঠিত হয় জমকালো কনসার্ট। প্রিয় শিল্পীদের গানে নেচে-গেয়ে উৎসবে মেতে ওঠেন দর্শকরা। ফলে ক্রীড়া প্রতিযোগিতার পাশাপাশি সংগীত আয়োজনও পরিণত হয় দিনব্যাপী এই আয়োজনের অন্যতম আকর্ষণে।

