কেয়ার্নসে সিরিজের তৃতীয় ও শেষ টি–২০ আন্তর্জাতিক ম্যাচে গ্লেন ম্যাক্সওয়েলের দুর্দান্ত ফিনিশিংয়ে রোমাঞ্চকর দুই উইকেটের জয় তুলে নিয়েছে অস্ট্রেলিয়া। এই জয়ের মাধ্যমে টানা সপ্তম দ্বিপাক্ষিক টি–২০ সিরিজ নিজেদের করে নিল তারা।
১৭৩ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দারুণ শুরু করেছিল অজিরা। মিচেল মার্শ ও ট্রাভিস হেড ৭ ওভারেই স্কোরবোর্ডে যোগ করেন ৬৪ রান। অধিনায়ক মার্শ ৩৫ বলে তুলে নেন ফিফটি যা তার গত ১৯ ইনিংসে প্রথম হাফসেঞ্চুরি।
তবে এরপরেই ধস নামে অস্ট্রেলিয়ার ইনিংসে। মার্করামের ঘূর্ণিতে হেড, করবিন বশের বলে ইংলিশ এবং মাপাখার এক ওভারে মার্শ ও ক্যামেরন গ্রিন ফিরলে ১২২ রানে ৬ উইকেট হারিয়ে চাপে পড়ে অতিথিরা।
এই বিপর্যয় থেকে দলকে টেনে তোলেন গ্লেন ম্যাক্সওয়েল। শেষ তিন ওভারে ২৭ রান দরকার থাকলেও রাবাডার শেষ ওভার থেকে ১৫ রান তুলে চাপ কমান তিনি। শেষ ওভারে প্রয়োজন ছিল ৯ রান।
লুঙ্গি এনগিডির প্রথম দুই বলে টানা চার মেরে ম্যাচ অস্ট্রেলিয়ার দিকে নিয়ে যান ম্যাক্সওয়েল। শেষমেশ এক বল হাতে রেখেই রিভার্স–হুক মেরে নিশ্চিত করেন জয়। তিনি অপরাজিত থাকেন ৩৬ বলে ৬২ রানে।
এর আগে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ধীরগতির শুরু করলেও ডেওয়াল্ড ব্রেভিস ও ট্রিস্টান স্টাবসের ২৯ বলে ৬১ রানের জুটি লড়াইয়ে ফেরায় প্রোটিয়াদের। ব্রেভিস মাত্র ২২ বলে ফিফটি তুলে নিলেও ম্যাক্সওয়েলের দুর্দান্ত ক্যাচে থামেন ৫৩ রানে। নাথান এলিস নেন ৩ উইকেট আর অ্যাডাম জাম্পা শিকার করেন ২ উইকেট।
শেষ তিনটি টি–২০ সিরিজ ফাইনালের মতো এবারও শেষ ওভারে হেরে সিরিজ হাতছাড়া করল দক্ষিণ আফ্রিকা। অন্যদিকে চাপের ম্যাচে আবারও ঠান্ডা মাথায় শেষ পর্যন্ত থেকে প্রমাণ করলেন কেন তাকে বলা হয় “দ্য বিগ শো” গ্লেন ম্যাক্সওয়েল।

