সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে একসঙ্গে ২৫ জন বিচারপতি নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
সোমবার (২৫ আগস্ট) আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রণালয় রাষ্ট্রপতির আদেশক্রমে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।
প্রজ্ঞাপনে জানানো হয়, সংবিধানের ৯৫(১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান বিচারপতির পরামর্শক্রমে তাঁদের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। শপথ গ্রহণের দিন থেকে তাঁরা অনধিক দুই বছর দায়িত্ব পালন করবেন।
এর আগে একই দিনে আরও চারটি পৃথক প্রজ্ঞাপন জারি করে আইন মন্ত্রণালয়। এতে ঢাকাসহ দেশের ১৯ জেলায় ২৩০ জন নিম্ন আদালতের বিচারককে বদলির নির্দেশ দেওয়া হয়।
বদলির মধ্যে রয়েছেন—
৪১ জন জেলা ও দায়রা জজ
৫৩ জন অতিরিক্ত জেলা ও দায়রা জজ
৪০ জন যুগ্ম জেলা ও দায়রা জজ
৯৬ জন সিনিয়র সহকারী ও সহকারী জজ।
সরকারের এ পদক্ষেপে হাইকোর্টে বিচারক সংকট কিছুটা লাঘব হবে বলে মনে করছেন আইনজীবীরা। একইসঙ্গে নিম্ন আদালতের বদলি বিচার ব্যবস্থায় গতি আনবে বলেও তাঁদের আশা।

