চট্টগ্রামের বোয়ালখালীতে খোলা বাজারে (ওএমএস) আটা বিক্রি শুরু হয়েছে। বুধবার সকালে উপজেলার ফুলতল ও তুলাতল কেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (খাদ্য পরিদর্শক) মো. ওমর ফারুখ জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিজন সর্বোচ্চ ৫ কেজি আটা ২৪ টাকা কেজি দরে ক্রয় করতে পারবেন। প্রতিদিন ডিলারের মাধ্যমে দুটি পয়েন্টে মোট এক মেট্রিক টন আটা বিক্রি করা হবে। তবে সরকারি ছুটির দিনে এ কার্যক্রম চালু থাকবে না।
প্রাথমিকভাবে ৬টি কেন্দ্রে ২৪ টাকা কেজি দরে আটা বিক্রির পরিকল্পনা থাকলেও আপাতত ফুলতল ও তুলাতল—এই দুই কেন্দ্রে আটা বিক্রি চলছে। প্রতিদিন ১০০ জন করে ক্রেতা সর্বোচ্চ ৫ কেজি করে আটা কেনার সুযোগ পাচ্ছেন।
পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত অলি বেকারি, জমাদার হাট, উপজেলা সদর এবং মুরাদ মুন্সির হাট কেন্দ্রে আটা বিক্রির কার্যক্রম স্থগিত রয়েছে।
স্থানীয়রা মনে করছেন, এই উদ্যোগ সাধারণ মানুষের জন্য কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।

