চট্টগ্রামের হাটহাজারী আল-জামিয়াতুল দারুল উলূম মুঈনুল ইসলাম মাদ্রাসা (হাটহাজারী মাদ্রাসা) মসজিদের সামনে অশ্লীল অঙ্গভঙ্গি করে ছবি তোলেন এক যুবক। গতকাল শুক্রবার সেই ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।
শনিবার প্রশাসনের নজরে আসার পর ফটিকছড়ি থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত যুবক আরিয়ান ইব্রাহিমকে গ্রেপ্তার করে। বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মোজাম্মেল হক চৌধুরী।
অভিযুক্ত আরিয়ান নিজের ফেসবুক আইডিতে ফটিকছড়ি ৩নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি পরিচয় দিলেও, এ অভিযোগ অস্বীকার করেছে ছাত্রদল।
ফটিকছড়ি ছাত্রদলের আহ্বায়ক একরাম উল্লাহ চৌধুরী বলেন, “অভিযুক্ত আরিয়ান ইব্রাহিম ছাত্রদলের কেউ নয়। সে সংগঠনের নাম ব্যবহার করে বিভ্রান্তি ছড়াচ্ছে। ইতোমধ্যে তার বিরুদ্ধে সাংগঠনিক পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
ফটিকছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) নুর আহমদ জানান, অভিযুক্ত যুবকের উস্কানিমূলক ফেসবুক আইডি ডি-অ্যাকটিভ করা হয়েছে এবং তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে।
ইউএনও মোজাম্মেল হক চৌধুরী বলেন, “ঘটনার পরপরই থানা পুলিশকে আইনগত ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। এলাকাবাসীকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।”
এ ঘটনার পর হাটহাজারী এলাকায় উত্তেজনা দেখা দিলেও প্রশাসনের দ্রুত পদক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।

