রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

আফগান শিশুদের বন্দুকের বদলে ব্যাট দিলেন যিনি

আন্তর্জাতিক ডেস্ক

ওমানের সঙ্গে যৌথভাবে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এএসি) টি-টোয়েন্টি কাপ জয় করেছিল আফগানিস্তান। সময়টা তখন ২০০৭ সাল। আফগানদের জন্য এটি ছিল এক ঐতিহাসিক সাফল্য। যুদ্ধবিধ্বস্ত সেই দেশের অধিকাংশ খেলোয়াড়ই ক্রিকেট শিখেছেন পাকিস্তানের শরণার্থী শিবিরে।

- Advertisement -

এই খবরে অনুপ্রাণিত হয়ে দুবাইয়ের বিশিষ্ট ভারতীয় ব্যবসায়ী ও ক্রিকেটপ্রেমী শ্যাম ভাটিয়া (৮২) আফগান শিশুদের হাতে ক্রিকেট কিট তুলে দেওয়ার সিদ্ধান্ত নেন।

সে সময়ের কথা স্মরণ করে ভাটিয়া বলেন, ‘দুবাই থেকে পাঠানো সম্ভব ছিল না, তাই আমি ভারত থেকে বিমানে করে সব সরঞ্জাম পাঠাই।’

কয়েকদিন পরই আফগানিস্তান থেকে পেলেন এক বার্তা। সেখানে বলা হয়, ‘আমাদের শিশুরা এতদিন শুধু বন্দুক দেখেছে, এবার তারা ক্রিকেট ব্যাট দেখল।

খেলাধুলার জন্য এর চেয়ে বড় অনুপ্রেরণা আর কী হতে পারে।’
এরপর থেকেই আফগান ক্রিকেটের উত্থান। টেস্ট মর্যাদা, বিশ্বকাপ সেমিফাইনালে খেলা—সবই এখন ইতিহাস। ভাটিয়া গর্ব নিয়ে বলেন, ‘অনেক অ্যাসোসিয়েট দেশ একসময় ভালো করে পরে হারিয়ে যায়।

কেনিয়া, আয়ারল্যান্ড, নেদারল্যান্ডসের উত্থান থেকে পতন সবাই দেখেছি। কিন্তু আফগানরা আলাদা, কারণ তারা ক্ষুধার্ত। ক্রিকেটে সফল হওয়ার ক্ষুধা আছে তাদের।’

২০২৩ ওয়ানডে বিশ্বকাপের সময় আফগানিস্তান ছাড়াও জাপান-ইউক্রেনের মতো দেশে ক্রিকেট বিস্তারে অবদানের স্বীকৃতিস্বরূপ ভাটিয়াকে সম্মান জানায় আইসিসি।

আফগানিস্তানের প্রতিভা নিয়ে প্রশ্ন ছিল না, সমস্যা ছিল ধারাবাহিকতা। তা বদলাতে ২০২২ সালে দায়িত্ব নেন সাবেক ইংলিশ ব্যাটসম্যান জোনাথন ট্রট। তালেবান শাসন ফেরার পরও তিনি কেবল ক্রিকেটারদের দিকেই মনোযোগ দেন।

সংবাদমাধ্যম খালিজ টাইমসকে ট্রট বলেন, ‘দলটা প্রতিভায় ভরপুর ছিল, কিন্তু শৃঙ্খলা কম। আমি প্রথমেই বলি, আমাদের অনুশীলন ও ফিটনেস উন্নত করতে হবে। এরপর থেকেই জয় আসতে শুরু করে।’

আফগানিস্তান সম্প্রতি শারজায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে পাকিস্তানের কাছে বড় ব্যবধানে হেরেছে। তারপরও এশিয়া কাপে ‘ডার্ক হর্স’ হিসেবেই তাদের দেখছে সবাই। মঙ্গলবার আবুধাবিতে হংকংয়ের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের মিশন।

বাস্তববাদীর মতো করে ট্রট বলেন, ‘আমি কোনো দূরদর্শী লক্ষ্য ঠিক করি না। আমরা শুধু পরের ম্যাচে মনোযোগ দিই। অনেক দূরে তাকালে ভুল হয়।’

এদিকে নিজেকে আফগানিস্তান ভক্ত দাবি করে ভাটিয়া বলেন, ‘আমি আসলে টি-টোয়েন্টি ক্রিকেট খুব একটা দেখি না, আমি পুরোনো ধাঁচের ক্রিকেটভক্ত। তবে আফগানিস্তানের ম্যাচগুলো আমি অবশ্যই দেখব। শুধু যখন ওরা ভারতের বিপক্ষে খেলবে তখন ব্যতিক্রম হবে!’

সর্বশেষ

এই বিভাগের আরও