চট্টগ্রাম নগরের ব্যস্ততম আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় সন্ধ্যা ৬টার আগে কোনো হকার ব্যবসা চালাতে পারবে না বলে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন।
সোমবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে আগ্রাবাদ বাণিজ্যিক এলাকা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন। মেয়র সংশ্লিষ্ট প্রশাসনকে এ বিষয়ে কঠোর অবস্থানে থাকতে বলেন।
মেয়র শাহাদাত হোসেন বলেন, “আগ্রাবাদ একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। দেশের জাতীয় ও আন্তর্জাতিক অর্থনৈতিক লেনদেনের সঙ্গে এ অঞ্চলের শৃঙ্খলা জড়িত। এখানে দেশি-বিদেশি বিনিয়োগকারীরা আসেন। কিন্তু অবৈধ হকারদের কারণে ট্রাফিক শৃঙ্খলা নষ্ট হচ্ছে। তাই নির্ধারিত সময় মেনে শৃঙ্খলা বজায় রাখা হবে।”
তিনি জানান, খাবারের ভাসমান স্টলগুলো বিকেল সাড়ে ৫টা থেকে বসার সুযোগ দেওয়া হবে যাতে অফিস ফেরত মানুষ সহজে খাবার খেতে পারেন। তবে খাবার ছাড়া অন্য কোনো দোকান বা হকার সন্ধ্যা ৬টার আগে বসতে পারবে না। নিয়ম ভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানা ও জেলসহ কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
মেয়র আরও বলেন, “কোনো স্থায়ী স্ট্রাকচারে ফুটপাত বা সড়কে দোকান বসানো যাবে না। চাইলে চাকাযুক্ত গাড়ি নিয়ে ব্যবসা করা যাবে, কিন্তু অবৈধভাবে রাস্তা-ফুটপাত দখল করে স্থায়ী বা অস্থায়ী অবকাঠামো নির্মাণ সহ্য করা হবে না।”
তিনি জানান, প্রয়োজনে সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে বসে ব্যবসার জায়গাগুলোকে সুশৃঙ্খলভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হবে। বিষয়টি নিয়মিত পর্যবেক্ষণে রাখবেন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটরা। পাশাপাশি পুলিশ ও ট্রাফিক বিভাগও তদারকিতে থাকবে।
মেয়র স্পষ্ট করে বলেন, “আমাদের অভিযান এক দিনের জন্য নয়। এটি চলমান থাকবে এবং প্রতিশ্রুতি অনুযায়ী বাস্তবায়িত হবে।”
এ সময় উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মো. সোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা রক্তিম চৌধুরী ও অভিষেক দাশ, মেয়রের একান্ত সহকারী মারুফুল হক চৌধুরী (মারুফ) প্রমুখ।

