রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

১৭ বছর পর পাচঁলাইশে অস্ত্র মামলার রায়: যুবকের ১০ বছরের কারাদণ্ড

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামে ১৭ বছর আগে দায়ের হওয়া অস্ত্র মামলায় মো. কাউছার (৩৭) নামের এক যুবককে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (২২ সেপ্টেম্বর) চট্টগ্রামের প্রথম অতিরিক্ত মহানগর দায়রা জজ ইসমত জাহানের আদালত এ রায় ঘোষণা করেন।

- Advertisement -

দণ্ডপ্রাপ্ত কাউছার লক্ষ্মীপুর সদর থানার ইদিলপুর গ্রামের সফিউল্ল্যাহর ছেলে।

আদালতের বেঞ্চ সহকারী মো. নাছির উদ্দীন ভূঁইয়া জানান, অভিযোগ প্রমাণিত হওয়ায় অস্ত্র উদ্ধারের জন্য ১০ বছর এবং গুলি উদ্ধারের জন্য ৭ বছরের কারাদণ্ড দেন বিচারক। তবে দুটি সাজা একসঙ্গে চলবে বলে কার্যত ১০ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে আসামিকে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।

মামলার বিবরণ
২০০৮ সালের ২৫ জানুয়ারি পাঁচলাইশ থানার মুরাদপুর ফরেস্ট গেইট রেলক্রসিং এলাকা থেকে কাউছারসহ ছয়জনকে গ্রেপ্তার করে পুলিশ। এসময় তার কাছ থেকে দেশীয় তৈরি সচল রিভলবার ও ৫ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। একই অভিযানে অপর আসামি আবদুর রহমানের কাছ থেকে ১১ ইঞ্চি লম্বা ধারালো ছুরি এবং হাবিবুর রহমান লেদুর কাছ থেকে ২৬ ইঞ্চি লম্বা রামদা উদ্ধার করা হয়।

গ্রেপ্তারকৃতরা আদালতে স্বীকারোক্তি দিয়েছিল যে তারা ডাকাতির উদ্দেশ্যে সেখানে সমবেত হয়েছিল। ঘটনায় পাঁচলাইশ থানায় দুটি মামলা দায়ের হয়—একটি ডাকাতির প্রস্তুতি এবং অন্যটি অস্ত্র আইনে।

অস্ত্র আইনের মামলায় পুলিশ তদন্ত শেষে ২০০৮ সালের ৬ ফেব্রুয়ারি আদালতে অভিযোগপত্র দেয়। একই বছরের ৩০ জুন অভিযোগ গঠন করে বিচার কার্যক্রম শুরু হয়। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে অবশেষে ১৭ বছর পর মামলার রায় ঘোষণা করা হলো।

সর্বশেষ

এই বিভাগের আরও