চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার নাজিরহাট পৌরসভার বাবুনগর ফকিরহাট বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৮টি দোকান পুড়ে গেছে। রোববার (৫ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মুছার মুদির দোকান থেকে বিদ্যুতের শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যেই আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে।
এতে মুছা’র মুদির দোকান, আজিজুল হকের মুদির দোকান, রাজিবের বিকাশ-নগদের দোকান, সুজনের মিষ্টি মেলা, এহসানের ফলের দোকানসহ মোট ৮টি দোকান ভস্মীভূত হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী জামশেদ বলেন, “আগুনের সূত্রপাতের পরপরই নিমিষে দোকানগুলো পুড়ে যায়। ফায়ার সার্ভিস দ্রুত এলেও ততক্ষণে ৮টি পরিবারের স্বপ্ন পুড়ে ছাই হয়ে গেছে।” তাৎক্ষণিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

