সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

গুম, দুঃশাসন ও লুটপাট—এ থেকে সেফ এক্সিট চাইছে জাতি, উপদেষ্টা না

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের মাত্র ৩ মাস বাকি। এ সময় রাজনৈতিক অঙ্গনে উত্তাপ সৃষ্টি করেছে ‘সেফ এক্সিট’ নিয়ে বিতর্ক। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামের মন্তব্যে রাজনৈতিক মহলে তোলপাড় পড়ে।

- Advertisement -

নাহিদ ইসলাম বলেন, “উপদেষ্টাদের অনেকেই রাজনৈতিক দলের সঙ্গে লিয়াজোঁ করে ফেলেছেন। তারা নিজেদের নিরাপদ প্রস্থান বা সেফ এক্সিট নিয়ে ভাবছেন।”

এই মন্তব্যের প্রতিক্রিয়া স্বরূপ শনিবার (১১ অক্টোবর) রাজধানীর ইন্টারকন্টিনেন্টাল হোটেলে অনুষ্ঠিত ‘জাতীয় মানবাধিকার কমিশন অধ্যাদেশ, ২০২৫’ বিষয়ক জাতীয় আলোচনা সভায় বক্তব্য রাখেন অন্তর্বর্তী সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, “উপদেষ্টাদের কোনো প্রকার সেফ এক্সিটের প্রয়োজন নেই। বরং আমাদের জাতীয় প্রয়োজন ভয়াবহ রাষ্ট্র কাঠামো থেকে উত্তরণ।”

ড. আসিফ নজরুল বলেন, “গত ৫৫ বছরে আমরা দুঃশাসন, গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও ব্যাংক লুটের মতো ঘটনা দেখেছি। এই বিধ্বংসী কাঠামো থেকে উত্তরণই আসল ‘সেফ এক্সিট’।” তিনি উল্লেখ করেন, সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতি বিচারপতিকে স্বাধীনভাবে নিয়োগ করতে পারেননি। ফলে মানবাধিকার লঙ্ঘনে অংশগ্রহণকারী বিচারকরা এখনও অবস্থান করছে।

আইন উপদেষ্টা বলেন, “ভালো আইন করার মানে পুরো দেশ বদলে যাবে না। ভালো প্রতিষ্ঠান তৈরি করাটাই মূল চ্যালেঞ্জ। উচ্চ আদালত, সংসদীয় কমিটি ও জবাবদিহিমূলক প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো জাতীয় মানবাধিকার কমিশন।”

তিনি আশা প্রকাশ করেন, সংশোধিত আইন জাতীয় মানবাধিকার কমিশনের স্বাধীনতা ও দক্ষতা আরও বাড়াবে। “মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা আমাদের সবার দায়িত্ব, এটি কোনো একক সরকারের নয়,” বলেন ড. আসিফ নজরুল।

অনুষ্ঠানে আরও বক্তব্য দেন—গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান; পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান; অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান; আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী; সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত রেতো সিগফ্রেড রেংগলি; ড্যানিশ দূতাবাসের ডেপুটি হেড এন্ডার্স বি. কার্লসেন; ইউএনডিপি রেসিডেন্ট রিপ্রেজেন্টেটিভ স্টেফান লিলার প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ইউএনডিপি বাংলাদেশের আইন, বিচার ও নিরাপত্তা বিষয়ক উপদেষ্টা রোমানা শোয়েগার। অনুষ্ঠানে আইন মন্ত্রণালয়, জাতীয় মানবাধিকার কমিশন, বিশ্ববিদ্যালয় শিক্ষক ও শিক্ষার্থী, মানবাধিকার সংগঠন ও সুপ্রিম কোর্টের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও