চট্টগ্রাম নগরের ইপিজেড থানাধীন বন্দরটিলা এলাকা থেকে অপহরণের শিকার যুবক মো. সবুজ ফরাজী (২৭)–কে উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৭)। এ সময় অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে মূল হোতাসহ পাঁচজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন—পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার তেলখিলা গ্রামের মুছা (২২) ও মো. সোহেল (২৫), বরিশালের কোতোয়ালী থানার শায়েস্তাবাদ এলাকার মো. রিয়াজ (২৪), কক্সবাজারের চকরিয়ার ডুলাহাজারা গ্রামের মো. তাসিন (২৩) এবং চট্টগ্রামের ইপিজেড এলাকার আয়েশার মায়ের গলির বাসিন্দা মো. রায়হান (২৬)।
র্যাব-৭ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাগেরহাটের শরণখোলা উপজেলার বকুলতলা এলাকার বাসিন্দা সবুজ ফরাজী পূর্বে চট্টগ্রামের সিইপিজেডে চাকরি করতেন। সেই সূত্রে গত ১০ অক্টোবর রাতে তিনি বন্দরটিলা এলাকায় যান। সেই সময় ১১–১২ জনের একটি সংঘবদ্ধ দল তাকে মারধর করে জোরপূর্বক রিকশায় তুলে আয়েশার মায়ের গলির একটি রিকশা গ্যারেজে আটকে রাখে।
পরে অপহরণকারীরা সবুজের স্ত্রীর কাছে ফোন করে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করে, টাকা না দিলে হত্যার হুমকি দেয়। পরিবারের পক্ষ থেকে বিষয়টি র্যাব-৭ পতেঙ্গা কার্যালয়ে জানানো হলে অভিযান চালিয়ে শনিবার (১১ অক্টোবর) রাত সাড়ে ১১টার দিকে সবুজকে উদ্ধার এবং ৫ জনকে আটক করা হয়।
র্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, “ভুক্তভোগীকে নিরাপদে উদ্ধার করা হয়েছে। আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে ইপিজেড থানায় হস্তান্তর করা হয়েছে।”

