বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

আবারও আগুন ছুঁই ছুঁই স্বর্ণবাজার — এক ভরি পেরোল ২ লাখ ১৩ হাজার!

দেশের বাজারে আবারও বেড়েছে স্বর্ণের দাম। সর্বশেষ সমন্বয়ে ২২ ক্যারেট স্বর্ণের ভরিপ্রতি দাম বেড়েছে ৪ হাজার ৬১৮ টাকা। ফলে এক ভরি স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) সোমবার রাতে এক বিজ্ঞপ্তিতে নতুন এ দামের ঘোষণা দেয়।

- Advertisement -

মঙ্গলবার (১৪ অক্টোবর) থেকে নতুন দাম কার্যকর হবে বলে জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বৃদ্ধির কারণে নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের দাম সমন্বয় করা বাধ্যতামূলক হয়ে পড়েছে।

নতুন দামের তালিকা অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) স্বর্ণের দাম ২ লাখ ১৩ হাজার ৭১৯ টাকা, ২১ ক্যারেট ২ লাখ ৪ হাজার ৩ টাকা, ১৮ ক্যারেট ১ লাখ ৭৪ হাজার ৮৫৫ টাকা এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম ১ লাখ ৪৫ হাজার ৫২০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বাজুস আরও জানায়, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে, তবে গহনার মান ও নকশাভেদে মজুরির তারতম্য হতে পারে। এর আগে গত ৮ অক্টোবর স্বর্ণের দাম সমন্বয় করেছিল বাজুস।

সেদিন ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছিল ২ লাখ ৯ হাজার ১০১ টাকা, যা এতদিন ছিল দেশের সর্বোচ্চ। মাত্র এক সপ্তাহের ব্যবধানে আবারও দাম বাড়ল প্রায় পাঁচ হাজার টাকা। চলতি বছর এখন পর্যন্ত মোট ৬৪ বার স্বর্ণের দাম সমন্বয় করেছে বাজুস।

এর মধ্যে ৪৬ বার দাম বেড়েছে, আর ১৮ বার কমেছে। গত বছর (২০২৪) মোট ৬২ বার দাম সমন্বয় হয়েছিল, যেখানে ৩৫ বার বেড়েছিল, কমানো হয়েছিল ২৭ বার।

সর্বশেষ

এই বিভাগের আরও