২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাসের হার দাঁড়িয়েছে ৫২ দশমিক ৫৭ শতাংশ। জিপিএ–৫ পেয়েছেন ৬ হাজার ৯৭ জন শিক্ষার্থী, যা গত বছরের তুলনায় প্রায় অর্ধেক কম।
বৃহস্পতিবার (১৬ অক্টোবর) সকাল ১০টায় শিক্ষা বোর্ডের ওয়েবসাইট, কেন্দ্র, শিক্ষাপ্রতিষ্ঠান এবং এসএমএসের মাধ্যমে ফল প্রকাশ করা হয়।
গত বছর চট্টগ্রাম বোর্ডে ১০ হাজার ২৬৯ জন জিপিএ–৫ পেয়েছিলেন; এ বছর তা কমে ৬ হাজার ৯৭–এ নেমে এসেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, চট্টগ্রাম নগরে পাসের হার ৭০ দশমিক ৯০ শতাংশ, জেলায় ৪৩ দশমিক ৬৩ শতাংশ।নতিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে পাসের হার ৪১.২৪%, খাগড়াছড়িতে সর্বনিম্ন ৩৫.৫৩%, আর বান্দরবানে ৩৬.৩৮%। অন্যদিকে, কক্সবাজার জেলায় পাসের হার ৪৫.৩৯%।
চট্টগ্রাম শিক্ষা বোর্ডে এ বছর মোট ১ লাখ ২ হাজার ৯৭০ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৫৩ হাজার ৫৬০ জন।
বিজ্ঞান বিভাগে পাসের হার: ৭৮.৭৫%, ব্যবসায় শিক্ষা বিভাগে: ৫৫.৩০%, মানবিক বিভাগে: ৩৭.০৮%, ছাত্রদের পাসের হার ৪৮.৯৫%, ছাত্রীদের ৫৫.৪৯%—অর্থাৎ মেয়েরা এবারও এগিয়ে।
বোর্ডের কর্মকর্তারা জানান, সামগ্রিকভাবে চট্টগ্রাম অঞ্চলে পাসের হার ও জিপিএ–৫ দুটোই নিম্নমুখী। প্রশ্নপত্রের মান, মূল্যায়নে কঠোরতা এবং পড়াশোনায় দীর্ঘ বিরতির প্রভাব—এসব কারণেই ফলাফলে এই তারতম্য দেখা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

