চসিক মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, ডাক্তার হিসেবে আমাদের মূল দায়িত্ব সবসময় রোগীর পাশে থাকা। রোগীর সুস্থতায়ই আমাদের সবচেয়ে বড় আনন্দ ও তৃপ্তি।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) চট্টগ্রাম মেডিকেল কলেজে ইন্টার্ন চিকিৎসকদের ছাড়পত্র প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কারাগারে থাকার সময়ও তিনি চিকিৎসাসেবা প্রদান করেছেন। তিনি বলেন, চিকিৎসা পেশা শুধু চাকরি নয়, এটি মানবসেবার এক মহান দায়িত্ব।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “আজ যেসব ইন্টার্ন চিকিৎসককে ছাড়পত্র দেওয়া হলো, তাদের মনে রাখতে হবে পূর্বসূরি চিকিৎসকেরা করোনা মহামারির সময়ে নিজের জীবনের ঝুঁকি নিয়ে কাজ করেছেন। অনেকে চিকিৎসা দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন, অনেকে আজও শারীরিক জটিলতায় ভুগছেন। তাদের আত্মত্যাগের বিনিময়ে আমরা চিকিৎসা পেয়েছি। তরুণ চিকিৎসকদের এই মহিমাকে হৃদয়ে ধারণ করতে হবে।”
তিনি আরও বলেন, রোগীদের সঙ্গে আন্তরিক আচরণ এবং মমতা প্রদর্শন করলে তাদের মানসিক শক্তি বৃদ্ধি পায়, যা দ্রুত সুস্থ হতে সাহায্য করে।
ডা. শাহাদাত হোসেন ইতিহাসের গুরুত্বপূর্ণ অধ্যায়ের উল্লেখ করে বলেন, বায়ান্নের ভাষা আন্দোলন, একাত্তরের মুক্তিযুদ্ধ, নব্বইয়ের স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ছব্বিশের গণআন্দোলনে সব সময় ডাক্তাররা জনগণের পাশে ছিলেন। তিনি সব চিকিৎসককে আহ্বান জানান—লাল-সবুজের পতাকা বুকে ধারণ করে দেশ ও মানুষের সেবায় নিয়োজিত থাকতে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. আব্দুর রব। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল তসলিম উদ্দিন চৌধুরী।
এছাড়া উপস্থিত ছিলেন হাসপাতালের উপ-পরিচালক ডা. ইলিয়াছ চৌধুরী, ডা. মনোজ চৌধুরী, ডা. মাহমুদুর রহমান, ডা. ফয়জুর রহমান এবং ডা. বেলায়েত হোসেন ঢালি।

