চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় রেহেনা সিরাজ মেডিকেল সেন্টার উদ্বোধন উপলক্ষে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় দুই হাজার রোগী বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করেন।
শুক্রবার (২৪ অক্টোবর) সকাল ১০টা থেকে উপজেলার হাইলধর এলাকায় আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এই চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পের পৃষ্ঠপোষকতা করেন স্থানীয় ব্যবসায়ী রাশেদ আলী।
চট্টগ্রামের মেডিসিন ও লিভার বিশেষজ্ঞ ডা. জসিম উদ্দিনের নেতৃত্বে ডক্টরস অ্যাসোসিয়েশন অব আনোয়ারার ৩০ জন চিকিৎসক দিনব্যাপী মেডিসিন, চর্ম, গাইনী, ডেন্টাল ও শিশু রোগ বিষয়ে চিকিৎসা সেবা প্রদান করেন। এছাড়া ক্যাম্পে ৫০ জন শিশুকে বিনামূল্যে খৎনা করানো হয়।
এর আগে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ডা. জসিম উদ্দিন। আনোয়ারা সমাজ কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক হাবিব উল্লাহর সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন ব্যবসায়ী ও নগর জামায়াত নেতা মোহাম্মদ আলী, ব্যবসায়ী রাশেদ আলী, আনোয়ারা উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাস্টার শহীদুল্লাহ এবং মাওলানা জামাল উদ্দিন প্রমুখ।

