বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নিজের সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। হার্ট ও ফুসফুসের জটিলতা নিয়ে তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।
সোমবার সন্ধ্যায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন জানান, আল্লাহ যেন তাকে দ্রুত সুস্থ করেন—এই দোয়া দেশবাসীর কাছে চেয়েছেন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় গুলশানের বাসভবন ফিরোজা থেকে তাকে হাসপাতালে নেওয়া হয়।
মেডিকেল বোর্ডের সদস্য অধ্যাপক ডা. এফ এম সিদ্দিকী জানান, খালেদা জিয়ার বুকে সংক্রমণ ধরা পড়েছে। তার হার্ট ও ফুসফুসে জটিলতা রয়েছে। তাকে কমপক্ষে ১২ ঘণ্টা বিশেষ পর্যবেক্ষণে রাখা হবে।
ডা. জাহিদ হোসেন বলেন, তিনি কতদিন হাসপাতালে থাকবেন সেটি এখনই বলা সম্ভব নয়। শারীরিক অবস্থার ওপর ভিত্তি করে পরবর্তী সিদ্ধান্ত নেবে মেডিকেল বোর্ড।
সর্বশেষ শুক্রবার সশস্ত্র বাহিনী দিবসের অনুষ্ঠানে চিকিৎসকদের পরামর্শে অংশ নিয়েছিলেন খালেদা জিয়া। তিনি দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস ও চক্ষুজনিত নানা জটিলতায় ভুগছেন।
চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়ে ১১৭ দিন চিকিৎসা শেষে দেশে ফেরেন। দেশে ফেরার পর নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার অংশ হিসেবে তাকে একাধিকবার হাসপাতালে যেতে হচ্ছে।

