রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

চাঁদাবাজি পুরোপুরি বন্ধ নয়, তবে নিয়ন্ত্রণে—স্বরাষ্ট্র উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

সড়কে চাঁদাবাজি পুরোপুরি বন্ধ না হলেও বর্তমানে নিয়ন্ত্রণে এসেছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

- Advertisement -

বুধবার (২৬ নভেম্বর) বাংলাদেশ সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “সড়কে চাঁদাবাজি বন্ধ না হলেও নিয়ন্ত্রণে নিয়ে এসেছি।” তিনি আরও জানান, বাজার ও সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রাখতে সরকার কাজ করে যাচ্ছে। তার ভাষায়, দেশে পর্যাপ্ত পরিমাণে সার মজুত রয়েছে। কেউ ইচ্ছাকৃতভাবে সার মজুত করার চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি বলেন, “সারের ডিলারশিপ রাজনৈতিক বিবেচনায় দেওয়া হবে না।”

সবজির বাজার নিয়েও আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। তিনি জানান, পেঁয়াজে কোনো সংকট নেই, বরং দাম কমতে শুরু করেছে। কিছু ব্যবসায়ী আমদানির চাপ তৈরি করলেও সরকার প্রয়োজন মনে করেনি।

তিনি বলেন, “মুড়ি কাটা পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে। কৃষকদের পাশে দাঁড়াতে হবে। আলুর দাম আগে না পেলেও এখন কিছুটা বাড়ছে।”

ডিসেম্বর পর্যন্ত কোল্ড স্টোরেজে আলু রাখার নির্দেশ দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

এ সময়ে এসপি নিয়োগ প্রসঙ্গে তিনি বলেন, “এসপি নিয়োগে এবিসি তিন ক্যাটাগরি করা হয়েছে। ৬৪ জেলার মধ্যে ১৮ জনকে আগে নেওয়া হয়েছে। মেধাবীরা কেউ বাদ পড়েননি।”

এর আগে সরকার একসঙ্গে ৩১ জন পুলিশ কর্মকর্তাকে ডিআইজি পদে পদোন্নতি দিয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও