রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

খালেদা জিয়াকে ‘চিরতরে সরানোর চক্রান্ত’—শেখ হাসিনার বিরুদ্ধে রিজভীর অভিযোগ

বাবলু দাশ, হাটহাজারী

বাবলু দাশ, হাটহাজারী: সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে “চিরতরে সরিয়ে দিতে শেখ হাসিনা সব ধরনের চক্রান্ত করেছেন”—এ মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেন, “খালেদা জিয়া হেঁটে জেলে গেলেন, আর ফিরলেন হুইলচেয়ারে। দিনের পর দিন হাসপাতালে থাকতে হচ্ছে। আজ তিনি মৃত্যুশয্যায়—আর এর জন্য দায়ী শেখ হাসিনা।”

- Advertisement -

শনিবার চট্টগ্রামের হাটহাজারীতে জুলাই–আগস্টে আহত ও শহীদ পরিবারের মাঝে আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানটির আয়োজন করে বিএনপির মানবিক ও সামাজিক সেবামূলক সংগঠন “আমার বিএনপি পরিবার”।

সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান রুমন।

রিজভী অভিযোগ করে বলেন, “শেখ হাসিনা দেশটাকে পৈত্রিক সম্পত্তি মনে করতেন। দেশের সম্পদ, জনগণের টাকা নিজের ও আত্মীয়স্বজনের সম্পদ মনে করতেন। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা পাচার হয়েছে তার পরিবার ও দলের লোকদের মাধ্যমে।”

তিনি আরও বলেন, “ঢাকায় নিজস্ব বাড়ি থাকলে রাজউকের প্লট পাওয়ার নিয়ম নেই। কিন্তু শেখ হাসিনা আইন-কানুনের তোয়াক্কা না করে আত্মীয়স্বজনের নামে পূর্বাচলে বিশাল প্লট বরাদ্দ নিয়েছেন। বিশ্বে অনেক দেশের প্রধানমন্ত্রীর লোকদের নামে দুর্নীতির অভিযোগ থাকে, কিন্তু শেখ হাসিনা নিজেই দুর্নীতিতে জড়িত ছিলেন।”

তার দাবি, ব্যাংকের ভল্টে শেখ হাসিনার নামে ৮৩২ ভরি স্বর্ণ পাওয়া গিয়েছিল। তিনি বলেন, “বাদশাহ শাদ্দাত নিজের বেহেশতে নিজে থাকতে পারেননি। শেখ হাসিনার পরিণতিও তাই হয়েছে—নমরুদ, ফেরাউনের দৃষ্টান্ত আল্লাহ দেখিয়ে দিয়েছেন।”

অনুষ্ঠানে বিএনপির মনোনীত প্রার্থী ব্যারিস্টার মীর হেলালকে ধানের শীষ প্রতীকে বিজয়ী করতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান রিজভী।

সাংবাদিক রনির সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন—চট্টগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক ও ধানের শীষ প্রতীকের প্রার্থী ব্যারিস্টার মীর হেলাল উদ্দিন, সংগঠনের উপদেষ্টা আবুল কাশেম, সদস্যসচিব মো. মোকছেদুল মোমিন প্রমুখ।

অনুষ্ঠানে জুলাই–আগস্টে আহত ৪০টি পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়। শেষে বেগম খালেদা জিয়ার আরোগ্য কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মওলানা রফিকুল ইসলাম।

এসময় উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির আহ্বায়ক নুর মোহাম্মদ, পৌরসভার মো. জাকের হোসেন, সদস্যসচিব মো. গিয়াস উদ্দিন, অহিদুল আলম, উত্তর জেলা ছাত্রদলের সভাপতি তকিবুল হাসান চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক মনিরুল আলম জনিসহ বিএনপির বিভিন্ন স্তরের নেতাকর্মী।

সর্বশেষ

এই বিভাগের আরও