ডিসেম্বরের হিমেল রাতে প্রকৃতি যখন শীতের চাদরে নিজেকে মুড়ে নেয়, ঠিক তখনই আকাশে দেখা মিলবে এক অসাধারণ মহাজাগতিক দৃশ্যের।
আজ বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর আকাশে উঠতে যাচ্ছে বছরের তৃতীয় এবং শেষ সুপারমুন, যা জ্যোতির্বিজ্ঞানের ভাষায় পরিচিত ‘কোল্ড সুপারমুন’ নামে।
এই পূর্ণিমা শুধু ডিসেম্বরের আগমনী বার্তা বহন করে না, বরং বিশেষ উজ্জ্বলতা নিয়ে মহাকাশে নিজের উপস্থিতি জানান দেয়। বাংলাদেশ ওয়েদার অবজারভেশন টিম (বিডব্লিউওটি) এ তথ্য নিশ্চিত করেছে। সংস্থাটি জানায়, আবহাওয়া অনুকূলে থাকলে বাংলাদেশের সব অঞ্চল থেকেই এই মনোমুগ্ধকর সুপারমুন দেখা যাবে।
চাঁদটি তার সর্বোচ্চ আলোকোজ্জ্বল অবস্থায় থাকবে আগামীকাল শুক্রবার, ৫ ডিসেম্বর ভোর ৫টা ১৪ মিনিট পর্যন্ত।
কেন নাম ‘কোল্ড মুন’?
বিবিসির তথ্য অনুযায়ী, গ্রেগরিয়ান ক্যালেন্ডারের অনেক আগ থেকেই মৌসুম পরিবর্তন বোঝাতে পূর্ণিমার বিভিন্ন নামকরণ করা হতো। সেই ধারাবাহিকতায় ডিসেম্বর মাসের পূর্ণিমাকে বলা হয় ‘কোল্ড মুন’। কারণ উত্তর গোলার্ধে এ সময় থেকেই প্রকৃত শীতের সূচনা হয়। শীতলতম রাতগুলোর সঙ্গে চাঁদের এই উপস্থিতির কারণেই এমন নামকরণ।
সুপারমুনের রহস্য কী?
চাঁদ যখন পৃথিবীর কক্ষপথে ঘোরার সময় পৃথিবীর সবচেয়ে কাছাকাছি অবস্থানে থাকে এবং সেই সময় পূর্ণিমা হয়, তখন তাকে বলা হয় ‘সুপারমুন’। এ কারণে চাঁদকে স্বাভাবিক সময়ের তুলনায় কিছুটা বড় ও বেশি উজ্জ্বল দেখায়। আজকের এই সুপারমুনটি চলতি বছরের তৃতীয় এবং শেষ সুপারমুন।
পরবর্তী পূর্ণিমা কবে?
এই বছরের পর যারা আবার এমন দৃশ্য দেখতে চান, তাদের অপেক্ষা করতে হবে ২০২৬ সালের ৩ জানুয়ারি পর্যন্ত। বিবিসি ওয়েদারের তথ্য অনুযায়ী, সেই পূর্ণিমার নাম হবে ‘উলফ মুন’।

