নগরের বন্দর থানার সল্টগোলা ক্রসিং এলাকায় মহিউদ্দিন হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউক-কে গ্রেফতার করেছে র্যাব-৭।
আসামী বন্দর থানার দক্ষিণ মধ্যম হালিশহর এলাকার জাহাঙ্গীর আলমের ছেলে।
র্যাব-৭ জানায়, নগরের সল্টগোলা ক্রসিং এলাকায় ২০১৮ সালের ২৬ মার্চ মেহের আফজাল উচ্চ বিদ্যালয়ে প্রাক্তন শিক্ষার্থীদের স্বাধীনতা দিবসে অনুষ্ঠান চলাকালীন সময়ে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পূর্ববিরোধের জেরে আইনুল আলম প্রকাশ ডিউক ও তার সহযোগীরা পূর্বপরিকল্পিতভাবে স্কুলের প্রধান শিক্ষকের রুমে থাকা ভিকটিম মহিউদ্দিনকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে পালিয়ে যায়।
পরে অনুষ্ঠানে উপস্থিত জনতা ভিকটিমকে ঘটনাস্থল থেকে গুরুতর রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ভিকটিমকে মৃত ঘোষণা করেন। নিহত ভিকটিম মহিউদ্দিনের পরিবার বাদী হয়ে বন্দর থানায় ২০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
র্যাব-৭ এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এআরএম মোজাফ্ফর হোসেন জানান, মহিউদ্দনি হত্যা মামলার পলাতক আসামি আইনুল আলম ডিউককে সোমবার দুপুরে নগরের বন্দর থানার বরখান পাড়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে বন্দর থানায় হস্তান্তর করা হয়েছে।

