সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

“নির্বাচনকে ঐতিহাসিক করতে হবে”—ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

গণঅভ্যুত্থান–পরবর্তী আসন্ন নির্বাচনকে ‘ঐতিহাসিক ও স্মরণীয়’ হিসেবে তৈরি করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। তিনি বলেন, “এই নির্বাচন শুধু আরেকটি নির্বাচন নয়—এটি নতুন বাংলাদেশ গড়ার সুযোগ।”

- Advertisement -

বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে সারা দেশের উপজেলা নির্বাহী অফিসারদের (ইউএনও) সঙ্গে ভিডিও কনফারেন্সে নির্বাচন প্রস্তুতি বিষয়ে দিকনির্দেশনা দিতে গিয়ে প্রধান উপদেষ্টা এ বক্তব্য দেন। সভায় সকল বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক এবং মন্ত্রিপরিষদ বিভাগের কর্মকর্তারা অনলাইনে যুক্ত ছিলেন।

প্রধান উপদেষ্টা বলেন, “ইতিহাস আমাদের নতুন সুযোগ দিয়েছে। অন্য প্রজন্ম হয়তো এটি পাবে না। এই সুযোগ কাজে লাগাতে পারলে নতুন বাংলাদেশ গড়ব, না হলে জাতিকে মুখ থুবড়ে পড়তে হবে।”

পূর্ববর্তী সরকারের নির্বাচন প্রসঙ্গে তিনি উল্লেখ করেন, “আগের নির্বাচনগুলো নির্বাচন ছিল না, প্রতারণা ছিল”— মন্তব্য করে তিনি আসন্ন নির্বাচনে শুদ্ধতা, স্বচ্ছতা ও বিশ্বাসযোগ্যতার ওপর গুরুত্বারোপ করেন।

ইউএনওদের উদ্দেশে প্রধান উপদেষ্টার আহ্বান— “আপনারা দায়িত্ব সঠিকভাবে পালন করলে সরকারও সফল হবে। ভোটারদের জন্য নির্বাচন হবে স্মরণীয় দিন।”

তিনি জানান, নির্বাচন আগামী পাঁচ বছরের জন্য হলেও গণভোট নির্ধারণ করবে আগামী শত বছরের পথ। গণভোটকে নতুন বাংলাদেশ নির্মাণের ভিত হিসেবে উল্লেখ করে তিনি বলেন, “ভোটারকে বোঝাতে হবে—আপনি ‘হ্যাঁ’ দেবেন নাকি ‘না’, সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রে আসুন।”

নির্বাচন শান্তিপূর্ণ, উৎসবমুখর ও নারী–বান্ধব করার তাগিদ দিয়ে ইউএনওদের নির্দেশ দেন— নিজ নিজ এলাকার প্রতিটি পোলিং স্টেশন পরিদর্শন, স্থানীয় জনগণ ও সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয়, অপতথ্য-গুজব প্রতিরোধে সতর্ক ভূমিকা, নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা।

সদ্য যোগ দেওয়া ইউএনওদের দায়িত্বের গুরুত্ব বোঝাতে তিনি উদাহরণ টেনে বলেন, “ধাত্রী ভালো হলে শিশুও ভালো জন্মায়।”

তিনি জানান, নির্বাচন ও গণভোটের তফসিল শিগগিরই ঘোষণা হবে। এখন থেকেই কী কী কাজ কখন করতে হবে তার পরিকল্পনা প্রস্তুত রাখার নির্দেশ দেন সবাইকে।

অনুষ্ঠানে প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া, মন্ত্রিপরিষদ সচিব ড. শেখ আব্দুর রশীদ, প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম এবং জনপ্রশাসন সচিব মো. এহছানুল হকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সর্বশেষ

এই বিভাগের আরও