আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ১৭৫ থেকে ২০০ জন বিদেশি পর্যবেক্ষক বাংলাদেশে আসতে পারেন বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সিনিয়র সচিব আখতার আহমেদ।
বুধবার (১৭ ডিসেম্বর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।
ইসি সচিব বলেন, নির্বাচন পর্যবেক্ষণ সংক্রান্ত বিষয়ে ইউরোপীয় ইউনিয়ন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় এবং নির্বাচন কমিশনের মধ্যে একটি প্রশাসনিক চুক্তি সম্পাদিত হয়েছে। এই ত্রিপক্ষীয় চুক্তির আওতায় ইইউ একটি প্রতিনিধি দল বাংলাদেশে পাঠাবে।
তিনি জানান, প্রতিনিধি দলের প্রধান হিসেবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য আইভার্স ইজাপসের নাম ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। যদিও চুক্তিটি গত কার্যদিবসেই স্বাক্ষরিত হয়েছিল, তবে ইইউ সদর দপ্তর ব্রাসেলস থেকে আনুষ্ঠানিক অনুমোদন না পাওয়ায় বিষয়টি তখন প্রকাশ করা হয়নি। মঙ্গলবার রাতে অনুমোদন নিশ্চিত হওয়ার পর বুধবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
আখতার আহমেদ বলেন, “প্রাথমিকভাবে আমাদের জানানো হয়েছে যে, ১৭৫ থেকে ২০০ জনের মতো পর্যবেক্ষক আসতে পারেন। তবে তাদের চূড়ান্ত সংখ্যা ও বিস্তারিত সময়সূচি পরবর্তী সময়ে জানানো হবে।”
ত্রিপক্ষীয় চুক্তির আওতায় পর্যবেক্ষক দলকে প্রয়োজনীয় প্রশাসনিক সহায়তা দেওয়া হবে উল্লেখ করে তিনি বলেন, তাদের যাতায়াত ও চলাচলে নির্বাচন কমিশন সহযোগিতা করবে। একই সঙ্গে পার্বত্য চট্টগ্রামের মতো কিছু সংবেদনশীল এলাকায় স্থানীয় নিরাপত্তা প্রোটোকল কঠোরভাবে মেনে চলার বিষয়েও পর্যবেক্ষক দলকে অবহিত করা হয়েছে।
ইসি সচিব আরও জানান, পর্যবেক্ষকরা তাদের প্রয়োজনীয় সরঞ্জাম নিজেরা সঙ্গে নিয়ে আসবেন এবং দায়িত্ব শেষে তা ফেরত নিয়ে যাবেন। পাশাপাশি তারা বাংলাদেশের স্থানীয় ও আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ নীতিমালা অনুসরণ করেই দায়িত্ব পালন করবেন—এ বিষয়টি চুক্তিতে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে।
তিনি বলেন, ইইউ ছাড়াও তুরস্ক (টার্কি) এবং আরও দুই-একটি আন্তর্জাতিক সংস্থা থেকেও নির্বাচন পর্যবেক্ষণের আগ্রহ প্রকাশ করা হয়েছে। এসব বিষয়ে বিস্তারিত তথ্য সময়মতো জানানো হবে।

