ফটিকছড়িতে ইটভাটায় মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন রায়হান উদ্দীন (১৮) নামে এক তরুণ শ্রমিক। অটো ব্রিকস মেশিনে আটকে গিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
শুক্রবার (২৬ ডিসেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার পাইন্দং ইউনিয়নের এমএ ব্রিকস নামের একটি ইটভাটায় এই দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান উদ্দীন ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার বাসিন্দা। জীবিকার তাগিদে তিনি ফটিকছড়ির ওই ইটভাটায় অটো ব্রিকস মেশিন অপারেটর হিসেবে কর্মরত ছিলেন।
ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্র জানায়, মেশিনে মাটি সরবরাহের সময় হঠাৎ অসাবধানতায় রায়হানের একটি পা মেশিনের ভেতরে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে মেশিনের টানে তিনি ভেতরে আটকে যান। সহকর্মীরা চেষ্টা করেও তাকে উদ্ধার করতে পারেননি। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে ফটিকছড়ি ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মেশিন বন্ধ করে মরদেহ উদ্ধার করে। ফায়ার সার্ভিসের দলনেতা কাইয়ুম জানান, উদ্ধার শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রস্তুতি নেওয়া হয়েছে।
ঘটনার পর ফটিকছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি পর্যালোচনা করে এবং আইনগত প্রক্রিয়া শুরু করে।
এ বিষয়ে ফটিকছড়ি ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন চৌধুরী বলেন, কাজের সময় অসতর্কতার কারণেই দুর্ঘটনাটি ঘটে। অটো ব্রিকস মেশিনে আটকে যাওয়ার পর তাকে আর বের করা সম্ভব হয়নি।
এই দুর্ঘটনায় ইটভাটায় কর্মরত শ্রমিকদের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। স্থানীয়রা শ্রমিকদের জন্য নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

