আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড, আকবর শাহ-পাহাড়তলী আংশিক) আসনে বিএনপি মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী আসলাম চৌধুরী কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন।
শনিবার (২৭ ডিসেম্বর) সকালে সীতাকুন্ডে অনুষ্ঠিত মতবিনিময় সভায় আসলাম চৌধুরী নেতাকর্মীদের সামনে কেন্দ্র থেকে প্রাপ্ত চূড়ান্ত মনোনয়নপত্রটি উপস্থাপন করেন। তিনি বলেন, “ইচ্ছে করেই আমি একটু সময় নিয়েছি। সবাইকে ধৈর্য্যশীল ও সহনশীল হওয়ার জন্য। আশাকরি আজ থেকে আর কোনো সংশয় বা দ্বিধা রইল না।”
সভায় তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন ও বাংলাদেশের মানুষের হৃদয় জয় করা বহুদলীয় গণতন্ত্র ও উন্নয়নশীল রাজনীতি আজও অম্লান। তিনি আরও বলেন, বাংলাদেশের আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বিএনপির উন্নয়নমুখী রাজনীতি মানুষের হৃদয়ে অনন্য অবস্থান তৈরি করেছে।
আসলাম চৌধুরী বলেন, “জিয়া পরিবারের সুযোগ্য উত্তরসূরী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গতিশীল ও আধুনিক নেতৃত্বে বিএনপি এখন দেশের আশা-ভরসা ও আস্থার ঠিকানা হিসেবে প্রতিষ্ঠিত। সামনের দিনে বৈষম্যহীন বাংলাদেশ গঠনে সবাইকে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
তিনি আরও যোগ করেন, “দল আমার ওপর যে আস্থা রেখেছে, তা আপনাদের ত্যাগের ফল। আপনারা চেয়েছেন বলেই প্রাথমিক প্রার্থী পরিবর্তন করে আমাকে চূড়ান্ত করা হয়েছে। আমি সর্বোচ্চ চেষ্টা করব আস্থা রাখার মর্যাদা রাখার জন্য। আপনাদেরকেও সকল মতপার্থক্য ভুলে একযোগে কাজ করতে হবে।”
মতবিনিময় সভায় চট্টগ্রাম-৪ নির্বাচনী এলাকার বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

