দেশের চলমান পরিস্থিতিকে একটি সংকটকাল হিসেবে উল্লেখ করে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দেশকে অস্থির করে তুলতে একটি মহল পেছন থেকে পরিকল্পিতভাবে কাজ করছে। বিভ্রান্তিকর বক্তব্য, নানা আন্দোলন ও গুজব ছড়িয়ে জনগণকে বিভ্রান্ত করার চেষ্টা চলছে বলেও তিনি মন্তব্য করেন।
রোববার (২৮ ডিসেম্বর) ঠাকুরগাঁওয়ের মানবকল্যাণ পরিষদের প্রশিক্ষণকেন্দ্রে আলেম–ওলামাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, দেশ যেন আবার অন্ধকারের দিকে না ধাবিত হয়, সে জন্য সবাইকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। নিজেদের মধ্যে বিভেদ ও অনৈক্য সৃষ্টি হলে ষড়যন্ত্রকারীরা সুযোগ নেবে এবং এর ফলে দেশ ও জনগণ উভয়ই ক্ষতিগ্রস্ত হবে বলে তিনি সতর্ক করেন।
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অত্যন্ত গুরুত্বপূর্ণ উল্লেখ করে বিএনপির মহাসচিব বলেন, এই নির্বাচন বানচালের চেষ্টা চলছে। সেই চেষ্টার বিরুদ্ধে সবাইকে সজাগ থাকতে হবে, যাতে কোনো অপশক্তি গণতান্ত্রিক প্রক্রিয়াকে ব্যাহত করতে না পারে।
আলেম–ওলামাদের উদ্দেশে তিনি বলেন, বিএনপি সম্পর্কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ভুল ধারণা ছড়ানো হচ্ছে—যেন দলটি কোরআন ও সুন্নাহভিত্তিক আইন চায় না।
এ ধরনের বক্তব্য সম্পূর্ণ মিথ্যা উল্লেখ করে তিনি বলেন, বিএনপি সবসময় কোরআন ও সুন্নাহর আলোকে চলার ব্যাপারে অঙ্গীকারবদ্ধ। এই দেশের আইন ও শাসনব্যবস্থা কোরআন ও সুন্নাহর বাইরে যাবে না—এটাই বিএনপির সুস্পষ্ট অবস্থান।
মির্জা ফখরুল বলেন, এই নির্বাচনের মাধ্যমে আগামী পাঁচ বছরের জন্য দেশ পরিচালনার দায়িত্ব কারা পাবে, তা নির্ধারিত হবে। তিনি অভিযোগ করেন, গত ১৫ বছরে আওয়ামী লীগ দেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান ও অর্থনীতিকে ধ্বংস করেছে। ব্যাংক লুটপাট, অর্থ পাচার এবং সীমিত কয়েকজনকে ধনী করার মাধ্যমে সাধারণ মানুষকে বঞ্চিত করা হয়েছে বলে তিনি দাবি করেন।
বিএনপির মহাসচিব আরও বলেন, ক্ষমতা চিরস্থায়ী করতে গিয়ে আওয়ামী লীগ রাজনৈতিক প্রতিপক্ষদের ওপর নির্যাতন–নিপীড়ন চালিয়েছে। আলেম–ওলামাদের গ্রেপ্তার, নির্যাতন এমনকি ফাঁসি পর্যন্ত দেওয়া হয়েছে বলে অভিযোগ করেন তিনি। সে সময় ধর্মীয় ব্যক্তিত্বরা নিরাপত্তাহীনতায় ভুগেছেন এবং চলাফেরায়ও ভয় পেয়েছেন বলেও মন্তব্য করেন।
বিএনপি সম্পর্কে অপপ্রচার চালানো হচ্ছে উল্লেখ করে মির্জা ফখরুল বলেন, দেশের ধর্মবোধ, কৃষ্টি ও সংস্কৃতি রক্ষায় বিএনপিই সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ইসলাম শান্তির ধর্ম উল্লেখ করে তিনি বলেন, বিএনপি শান্তি চায় এবং একটি সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে দেশে শান্তি প্রতিষ্ঠা হোক—এটাই দলের লক্ষ্য।
সভায় জেলা বিএনপির সভাপতি মির্জা ফয়সল আমিন, সাধারণ সম্পাদক পয়গাম আলীসহ জেলার আলেম–ওলামা, ধর্মীয় ব্যক্তিত্ব এবং বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

