রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬

নির্বাচনী নিরাপত্তা—সশস্ত্র বাহিনীর সঙ্গে ইসির সমন্বয় সভা

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

আসন্ন গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইনশৃঙ্খলা রক্ষার প্রস্তুতি ও কৌশল নির্ধারণে সশস্ত্র ও আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে সমন্বয় সভায় বসেছে নির্বাচন কমিশন (ইসি)।

- Advertisement -

রোববার (১১ জানুয়ারি) সকাল ৯টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলন কক্ষে (কক্ষ নম্বর–৫২০) এই গুরুত্বপূর্ণ সভা শুরু হয়।

এতে সভাপতিত্ব করছেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ।

সভায় নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন। এর আগে শনিবার (১০ জানুয়ারি) নির্বাচন কমিশনের উপ-সচিব মো. মনির হোসেন সভা আয়োজনের বিষয়ে বিজ্ঞপ্তি জারি করেন।

আইনশৃঙ্খলা সংক্রান্ত এই সমন্বয় সভায় অংশ নিচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রিন্সিপাল স্টাফ অফিসার, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মহাপরিচালক, কোস্ট গার্ডের মহাপরিচালক এবং পুলিশের মহাপরিদর্শক (আইজিপি)।

এছাড়া আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি), জাতীয় নিরাপত্তা গোয়েন্দা অধিদপ্তর (এনএসআই), ডিরেক্টরেট জেনারেল অব ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই), জাতীয় টেলিযোগাযোগ মনিটরিং সেন্টার (এনটিএমসি), র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)সহ বিভিন্ন নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা সভায় উপস্থিত রয়েছেন।

নির্বাচন কমিশন জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও একই সঙ্গে প্রস্তাবিত গণভোটকে কেন্দ্র করে মাঠপর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয় জোরদার এবং সার্বিক নিরাপত্তা পরিকল্পনা চূড়ান্ত করাই এই সভার মূল লক্ষ্য। পাশাপাশি গোয়েন্দা তথ্য আদান-প্রদান এবং ভোটকেন্দ্রের নিরাপত্তা নিয়েও বিস্তারিত আলোচনা হওয়ার কথা রয়েছে।

সর্বশেষ

এই বিভাগের আরও