চট্টগ্রামের বোয়ালখালীতে অভিযান চালিয়ে ৬০০ গ্রাম গাঁজাসহ মনা দে (৬১) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনী।
পুলিশ জানায়, রোববার (১১ জানুয়ারি) সকালে গ্রেপ্তার মনা দেকে আদালতে পাঠানো হয়েছে। তিনি বোয়ালখালী উপজেলার সারোয়াতলী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের উত্তর কঞ্জুরী গ্রামের বাসিন্দা এবং মৃত লাল মোহন দের ছেলে।
এর আগে শনিবার (১০ জানুয়ারি) বিকেলে বোয়ালখালী সেনা ক্যাম্পের সদস্যরা সারোয়াতলী এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন। অভিযানের সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ১৩ হাজার ১১৫ টাকা এবং ৬০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ২০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “সেনাবাহিনী গ্রেপ্তারকৃত আসামিকে জব্দকৃত আলামতসহ থানায় হস্তান্তর করেছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।”
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

