চন্দনাইশে সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি এলজি অস্ত্রসহ মো. আইনুল করিম (২১) নামে এক সন্ত্রাসীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে চন্দনাইশ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) ভোর ৫টা থেকে সকাল সাড়ে ৭টা পর্যন্ত চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা হাজীপাড়া ১ নং ওয়ার্ডে অভিযান চালিয়ে সেনাবাহিনী এই গ্রেপ্তার কার্যক্রম সম্পন্ন করে। আটককৃত মো. আইনুল করিম এলাকার মো. মাহমুদুল হোসেনের ছেলে।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাতে চন্দনাইশ পূর্ব জোয়ারা হাজীপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে অস্ত্রসহ মো. আইনুল করিমকে গ্রেপ্তার করা হয় এবং পরে তাকে চন্দনাইশ থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
চন্দনাইশ আর্মি ক্যাম্পের ক্যাপ্টেন ইবতিসাম জাওয়াদ দিয়াব (১২ ফিল্ড রেজিমেন্ট) বলেন, “সন্ত্রাসীদের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অভিযান পরিচালনা করা হয়েছে। এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।”
চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইলিয়াছ খান জানান, অস্ত্র মামলায় মো. আইনুল করিমকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

