ভারতের সঙ্গে আইপিএল ইস্যু নিয়ে বাংলাদেশের বাণিজ্যে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি বলে জানিয়েছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দিন। তিনি বলেন, দুই দেশের মধ্যে ব্যবসায়িক কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।
রোববার (১১ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে নতুন আমদানি নীতি আদেশ সংক্রান্ত এক বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
বাণিজ্য উপদেষ্টা বলেন, বাংলাদেশ উদার বাণিজ্যে বিশ্বাস করে। বিশ্বের সব দেশের সঙ্গে আমাদের বাণিজ্যিক সম্পর্ক উন্মুক্ত রয়েছে। যতক্ষণ পর্যন্ত দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ব্যাহত না হয়, ততক্ষণ আমরা দেশভিত্তিক কোনো দ্বিপাক্ষিক কঠোর সিদ্ধান্ত গ্রহণ করি না।
তিনি আরও বলেন, ভারতের সঙ্গে বিভিন্ন ধরনের ট্রেড মেজারস নেওয়া হয়েছে। এসব সিদ্ধান্তের কোনো প্রভাব পড়েছে কিনা, তা পর্যবেক্ষণ করা হচ্ছে। তবে আইপিএল ইস্যুতে বাংলাদেশ ও ভারতের বাণিজ্যিক সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়েনি।
বর্তমানে রপ্তানি বাণিজ্য কিছুটা কমেছে স্বীকার করে শেখ বশিরউদ্দিন বলেন, বৈশ্বিক উদার বাণিজ্যে কিছুটা সংকট তৈরি হয়েছে। তবে যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।
তিনি জানান, আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল রাখতে সংশ্লিষ্টদের সঙ্গে আগামী ১৯ জানুয়ারি সচিবালয়ে একটি বৈঠক অনুষ্ঠিত হবে।
এ সময় বাণিজ্য সচিব মাহবুবুর রহমান বলেন, দৈনন্দিন ঘটনাপ্রবাহে দ্বিপাক্ষিক বাণিজ্যে তেমন কোনো প্রভাব পড়ে না। তবে ভারত গত মে মাসে বিভিন্ন স্থলবন্দর বন্ধ করে দেওয়ায় বাংলাদেশের রপ্তানি কিছুটা কমেছে।
তিনি বলেন, এ অবস্থায় বাংলাদেশ কোনো পাল্টা পদক্ষেপ নেয়নি। ভারতের সঙ্গে পাট রপ্তানি সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে দেশের অভ্যন্তরীণ চাহিদা ও সরবরাহ স্বাভাবিক রাখার জন্য, অন্য কোনো দেশকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে নয়।
বাণিজ্য সচিব আরও বলেন, সরকারের নীতিমালা দেশের অভ্যন্তরীণ বাণিজ্য ও বাজার স্থিতিশীল রাখার লক্ষ্যেই গ্রহণ করা হয়।

