সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

দ্বৈত নাগরিকত্ব ইস্যুতে চট্টগ্রাম-৯ এ জামায়াত প্রার্থীর আপিল খারিজ

নিউজ ডেস্ক

সোমবার নির্বাচন কমিশনের (ইসি) আপিল শুনানিতে চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী একেএম ফজলুল হকের মনোনয়নপত্র ফেরানোর আবেদন নামঞ্জুর করা হয়েছে। প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত শুনানিতে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্ত বহাল রাখা হয়।

- Advertisement -

ইসি সূত্র জানায়, ফজলুল হকের যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব থাকলেও তিনি ২৮ ডিসেম্বর তা ত্যাগের হলফনামা জমা দিয়েছেন। তবে রিটার্নিং কর্মকর্তা ও বিভাগীয় কমিশনার জিয়া উদ্দিনের মতে, নাগরিকত্ব ত্যাগসংক্রান্ত প্রয়োজনীয় কাগজপত্র যথাযথভাবে উপস্থাপন করতে তিনি ব্যর্থ হয়েছেন।

শুনানি শেষে গণমাধ্যমে কথা বলেন একেএম ফজলুল হক। তিনি অভিযোগ করে বলেন, “আমার প্রতি বৈষম্য করা হয়েছে। বিএনপির অনেক প্রার্থী দ্বৈত নাগরিকত্ব থাকা সত্ত্বেও কাগজপত্র জমা না দিয়েই বৈধতা পেয়েছেন। নির্বাচন কমিশন আমার প্রার্থিতা বহাল রাখেনি। এখন আইনজীবীর সঙ্গে পরামর্শ করে আদালতে যাব।”

চট্টগ্রাম-৯ সংসদীয় আসনটি নগরীর কোতোয়ালি ও বাকলিয়া থানা নিয়ে গঠিত। এই আসনে বিএনপির প্রার্থী হিসেবে দক্ষিণ জেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু সুফিয়ান মনোনয়ন জমা দিয়েছেন। আসনটিতে মোট ১২ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।

উল্লেখ্য, এই আপিল শুনানি ১৪১-২১০ নম্বরের অন্তর্ভুক্ত। ঢাকার আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত শুনানি চলবে। তফসিল অনুযায়ী ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময়। পরদিন চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

সর্বশেষ

এই বিভাগের আরও