হবিগঞ্জ-৪ আসনের বাংলাদেশ ইসলামি ফ্রন্টের এমপি প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মো. গিয়াস উদ্দিন তাহেরীকে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে শোকজ করেছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি। একই অভিযোগে বিএনপির এমপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও শোকজ করা হয়েছে।
সোমবার (১৯ জানুয়ারি) জেলা রিটার্নিং কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ আরেফিন বিষয়টি নিশ্চিত করেছেন। নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটির চেয়ারম্যান মো. রবিউল হাসান স্বাক্ষরিত নোটিশে বলা হয়েছে, সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণবিধি, ২০২৫ অনুযায়ী ভোটগ্রহণের তিন সপ্তাহ আগে নির্বাচনী প্রচারণা করা নিষিদ্ধ।
তবে গিয়াস উদ্দিন তাহেরী ‘The Speech’ নামে ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে নির্বাচনী প্রচারণামূলক ভিডিও প্রকাশ করেছেন। ওই পেইজের ফলোয়ারের সংখ্যা প্রায় ৭ লাখ ৭০ হাজার।
নোটিশে উল্লেখ করা হয়েছে, প্রার্থীদের আগামী ২০ জানুয়ারি নিজে অথবা প্রতিনিধির মাধ্যমে নির্দিষ্ট স্থানে উপস্থিত হয়ে লিখিতভাবে কারণ দর্শাতে হবে। একইভাবে বিএনপি প্রার্থী সৈয়দ ফয়সলকেও ওই দিনে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়েছে।
নির্বাচনী আচরণবিধি রক্ষার জন্য এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে।

