রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

শিকলে বেঁধে অমানুষিক নির্যাতন—বোয়ালখালীতে আদিবাসী যুবক উদ্ধার

বোয়ালখালী প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালীতে শিকলে বাঁধা অবস্থায় গেগেনার ত্রিপুরা (৪৫) নামে এক আদিবাসী যুবককে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করেছে পুলিশ

- Advertisement -

বুধবার (২১ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী এলাকার একটি ঘর থেকে তাকে উদ্ধার করা হয়। পরে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

উদ্ধার হওয়া গেগেনার ত্রিপুরা বান্দরবান জেলার রুমা উপজেলার জৈতুন পাড়ার বাসিন্দা লাফেহা ত্রিপুরার ছেলে। তিন কন্যা সন্তানের জনক গেগেনার নগরীতে রিকশা চালিয়ে সংসার চালান। এর আগে তিনি রাজমিস্ত্রির কাজ করতেন। তার স্ত্রী একজন পোশাক শ্রমিক।

গেগেনার ত্রিপুরা অভিযোগ করে বলেন, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে নগরীর আগ্রাবাদ এলাকা থেকে তাকে সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালীতে নিয়ে আসা হয়। এরপর একটি ঘরে কোমরে শিকল বেঁধে টানা তিন দিন অমানুষিক নির্যাতন চালানো হয়।

তিনি জানান, নগরীতে রাজমিস্ত্রির কাজের সূত্রে আব্দুল করিম ইমন নামের এক যুবকের সঙ্গে তার পরিচয় হয়। প্রায় তিন মাস আগে ইমনের মোবাইলে গান শোনার সময় এক ব্যক্তি বিপদে পড়েছে বলে কল করার জন্য তার কাছ থেকে মোবাইল নেয় এবং সেটি নিয়ে পালিয়ে যায়। এরপর থেকে ওই মোবাইলের ক্ষতিপূরণ দাবি করে আসছিল ইমন ও তার সহযোগীরা।

তিনি আরও বলেন, ১৯ জানুয়ারি আগ্রাবাদে রিকশা চালানোর সময় ১০ থেকে ১২ জন যুবক তাকে মারধর করে। পরে চোখ বেঁধে সিএনজিচালিত অটোরিকশায় করে বোয়ালখালীতে নিয়ে আসা হয়। সেখানে মোবাইলের ক্ষতিপূরণ হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা এবং মুক্তিপণ হিসেবে আরও ৯০ হাজার টাকা দাবি করা হয়।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সুফিয়ান সিদ্দিকী বলেন, পুলিশ গেগেনার ত্রিপুরাকে হাসপাতালে নিয়ে এলে ভর্তি করা হয়। তার শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে এবং চিকিৎসা দেওয়া হচ্ছে।

এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের পশ্চিম গোমদণ্ডী রুস্তম মাঝি বাড়ির মৃত আবদুল কুদ্দুছের ছেলে আব্দুল করিম (২৭) এবং ৬ নম্বর ওয়ার্ডের ইয়াকুব আলী বাড়ির মৃত আবুল কাসেমের ছেলে মো. মঈন উদ্দিনকে (২৬) আটক করেছে।

বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করে বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে। তবে এখনো পর্যন্ত এ বিষয়ে কেউ মামলা দায়ের করেননি।

সর্বশেষ

এই বিভাগের আরও