আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আচরণবিধি কঠোরভাবে প্রতিপালন নিশ্চিত করতে বিসিএস (প্রশাসন) ক্যাডারের ২১ জন কর্মকর্তাকে নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। নির্বাচনকালীন আইনশৃঙ্খলা ও শৃঙ্খলাপূর্ণ পরিবেশ বজায় রাখতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রেষণ-২ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মোহাম্মদ নূর-এ-আলম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নিয়োগপ্রাপ্ত নির্বাহী ম্যাজিস্ট্রেটরা মোবাইল কোর্ট আইন, ২০০৯-এর ৫ ধারার আওতায় ভোটগ্রহণের দুই দিন আগ থেকে ভোটগ্রহণের দুই দিন পর পর্যন্ত নির্ধারিত এলাকায় মোবাইল কোর্ট পরিচালনার ক্ষমতা ভোগ করবেন। নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন রোধ এবং শান্তিপূর্ণ ভোটগ্রহণ নিশ্চিত করাই তাদের মূল দায়িত্ব হবে।
নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের আগামী ২৫ জানুয়ারির মধ্যে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট অথবা রিটার্নিং অফিসারের কাছে অবশ্যই যোগদান বা রিপোর্ট করতে নির্দেশ দেওয়া হয়েছে। জেলা ম্যাজিস্ট্রেটরা নিজ নিজ অধিক্ষেত্রে এসব ম্যাজিস্ট্রেটের দায়িত্ব বণ্টন এবং মোবাইল কোর্ট পরিচালনার এলাকা নির্ধারণ করবেন।
প্রতিদিন মোবাইল কোর্ট পরিচালনার তথ্য নির্ধারিত ছকে সংশ্লিষ্ট জেলা ম্যাজিস্ট্রেট ও রিটার্নিং অফিসারকে অবহিত করার কথাও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
জনস্বার্থে এই নিয়োগ দেওয়া হয়েছে উল্লেখ করে প্রজ্ঞাপনে বলা হয়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ভোটগ্রহণের সময় শান্তি, শৃঙ্খলা ও আইনানুগ পরিবেশ বজায় রাখাই এই পদক্ষেপের মূল লক্ষ্য।

