সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬

কর্মসংস্থান সৃষ্টি করেই বেকার সমস্যা সমাধান—বিএনপি চেয়ারম্যান

চট্টগ্রাম জার্নাল ডেস্ক

বিএনপি ক্ষমতায় গেলে কর্মসংস্থান সৃষ্টি করে বেকার সমস্যা সমাধান করা হবে বলে জানিয়েছেন দলের চেয়ারম্যান তারেক রহমান

- Advertisement -

মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিকেলে ময়মনসিংহ জেলা সার্কিট হাউজ মাঠে অনুষ্ঠিত এক নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি মানুষের জন্য রাজনীতি করে এবং দেশ পরিচালনার বাস্তব অভিজ্ঞতা একমাত্র বিএনপিরই রয়েছে। তিনি বলেন, “দেশের সমস্যার সমাধান করতে চাইলে ধানের শীষে ভোট দেওয়ার কোনো বিকল্প নেই।”

বিএনপি চেয়ারম্যান অভিযোগ করেন, একটি দল পালিয়ে যাওয়া স্বৈরাচারের ভাষায় কথা বলছে এবং দুর্নীতি নিয়ে মিথ্যাচার করছে। তিনি বলেন, “দেশের অর্ধেক জনগোষ্ঠীকে পেছনে রেখে কখনোই উন্নয়ন সম্ভব নয়। সে কারণেই আমরা ফ্যামিলি কার্ডের মতো উদ্যোগ নিয়েছি।”

এর আগে বেলা ১১টা ৫ মিনিটে নির্বাচনী জনসভায় যোগ দিতে গুলশানের বাসভবন থেকে ময়মনসিংহের উদ্দেশে রওনা হন তারেক রহমান। বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করেন।

দীর্ঘ ২২ বছর পর ময়মনসিংহে তারেক রহমানের আগমন উপলক্ষে ৬৪ ফুট দৈর্ঘ্য ও ৪৪ ফুট প্রস্থের বিশাল মঞ্চ প্রস্তুত করা হয়। মঞ্চের মাঝখানে একটি বড় এলইডি স্ক্রিন এবং দুই পাশে ব্যানার লাগানো হয়। বাম পাশে ব্যানারে লেখা ছিল ‘আই হ্যাভ অ্যা প্ল্যান’ এবং ডান পাশে ‘সবার আগে বাংলাদেশ’।

জনসভাস্থলের নিরাপত্তায় সিএসএফ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মোতায়েন ছিলেন। পুরো এলাকা ২০টি সিসিটিভি ক্যামেরার আওতায় এনে নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

দলীয় সূত্র জানায়, এর আগে ২০০৪ সালে ময়মনসিংহে প্রতিনিধি সভায় অংশ নিয়েছিলেন তারেক রহমান। দীর্ঘ বিরতির পর তার এই নির্বাচনী জনসভাকে ঘিরে ময়মনসিংহ নগরজুড়ে পোস্টার ও ব্যানারে তাকে স্বাগত জানানো হয়।

সফর শেষে ঢাকায় ফেরার পথে আরও দুটি স্থানে সমাবেশে অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। এর মধ্যে সন্ধ্যা ৬টায় গাজীপুর রাজবাড়ী মাঠে এবং সন্ধ্যা ৭টায় উত্তরা আজমপুর ঈদগাঁও মাঠে জনসভায় যোগ দেবেন তিনি।

সর্বশেষ

এই বিভাগের আরও